সিইপিজেডের রপ্তানি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে
সদ্য সমাপ্ত ২০১২-১৩ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৪ কোটি ডলারের বেশি পণ্য রপ্তানি করেছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড)। খবর বাসসের।সিইপিজেডের গত অর্থবছরের চূড়ান্ত রপ্তানি তথ্য থেকে জানা যায়, ২০১২-১৩ অর্থবছরে সিইপিজেড কর্তৃপক্ষ রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ১৯৫ কোটি ডলার। বছর শেষে দেখা গেছে, ২০৯ কোটি ৬৬ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় সাড়ে ১৪ কোটি ডলার বেশি।সিইপিজেডের মহাব্যবস্থাপক এস এম আবদুর রশীদ বলেন, ‘গত এক বছরে সিইপিজেডে বড় ধরনের কোনো শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেনি। এ জন্য কারখানাগুলোতে উৎপাদনের সুষ্ঠু পরিবেশ ছিল। সে পরিপ্রেক্ষিতে আমরা গত অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় এক হাজার কোটি টাকার বেশি পণ্য রপ্তানি করেছি। কিন্তু হরতাল থাকলে রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়।’চট্টগ্রামের দক্ষিণ হালিশহরে ৪৫৩ একর জায়গা নিয়ে গড়ে ওঠে সিইপিজেড। এখানে প্লটের সংখ্যা ৫০১টি। বিভিন্ন ধরনের কারখানা রয়েছে ১৭১টি। এসব কারখানায় বর্তমানে কর্মরত আছেন এক লাখ ৮৫ হাজার কর্মকর্তা-কর্মচারী।সিইপিজেডে বর্তমানে দেশি-বিদেশি বিনিয়োগ আছে প্রায় ১৯৫ কোটি ডলার। এর মধ্যে শুধু বিদেশি বিনিয়োগ ৬৯ কোটি ডলার।