সিএসইর প্রস্তাবিত পরিশোধিত মূলধন ৬৩৫ কোটি টাকা

স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক্করণ বা ডিমিউচ্যুয়ালাইজেশন আইন অনুযায়ী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিশোধিত মূলধন ৬৩৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার বিকেল তিনটায় সিএসইর পক্ষ থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) ডিমিউচুয়ালাইজেশন স্কিম জমা দেওয়া হয়। স্কিম জমা দেওয়ার পর সিএসইর সভাপতি আল মারুফ খান সাংবাদিকদের এ কথা জানান।
আল মারুফ খান বলেন, ‘আজ আমরা বিএসইসিতে মোট ১৫টি তথ্য সম্বলিত ৮০০ পৃষ্ঠার ডিমিউচুয়ালাজেশন স্কিম প্রস্তাব আকারে জমা দিয়েছি। আন্তর্জাতিক মান সম্পন্ন নিরীক্ষক ও সম্পদ মূল্যায়নকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সিএসইর সম্পদ ও দায় পুনর্মূল্যায়ন করা হয়েছে। ফলে এটি একটি আন্তর্জাতিক মানের দলিল।’
আল মারুফ খান বলেন, ‘প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে রেগুলেটরি ফাংশন, ব্যাবসায়িক কার্যক্রম, ইনডিকেটিভ শেয়ার দর, সম্পদ পুনর্মূল্যায়ন, মেমোরেনডাম কেমন হবে, প্রশাসন ইত্যাদি বিষয় রয়েছে।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে সিএসইর ১৪৮ জন সদস্য রয়েছে। ডিমিউচুয়ালাইজেশন সম্পন্ন হলে প্রত্যেকে ৪৪ লাখ করে শেয়ারের মালিক হবেন। যার মূল্য ধরা হয়েছে আনুমানিক চার কোটি ৪০ লাখ টাকা।
এছাড়া ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক করার পর সিএসই যখন কোম্পানিতে রূপান্তর হবে তখন তার অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে বলেও জানান সিএসইর সভাপতি।