প্রথম আলো: নিরীক্ষা ক্ষেত্রে চোখে পড়ার মতো কোনো অর্জন দেখা যাচ্ছে না কেন? আহমেদ আতাউল হাকিম: অর্জন একেবারে হয়নি তা নয়। বলা যায়, আশানুরূপ হয়নি। তবে নিরীক্ষা পদ্ধতি যুগোপযোগী করা হয়েছে। প্রথমবারের মতো চালু করা হয়েছে ডিজিটাল নিরীক্ষা ব্যবস্থাপনা। চালু করা হয়েছে নিরীক্ষা ব্যবস্থাপনা ও তদারকি পদ্ধতি (এএমএমএস)। পারফরম্যান্স নিরীক্ষাও করা হয়েছে, যা এর আগে হয়নি কখনো। তবে সারা বিশ্বে নিরীক্ষা করার সর্বোত্তম চর্চা যা, বাংলাদেশেও তা-ই করা হয়। এটা নিশ্চয় কম অর্জন নয় যে যথাযথ নিরীক্ষার মাধ্যমে গত পাঁচ বছরে সাত হাজার কোটি টাকা আদায় হয়েছে। স্বীকার করি, আরও ভালো কিছু করা যেত। নানা কারণে তা হয়ে ওঠেনি। প্রথম আলো: কারণগুলো কী একটু ব্যাখ্যা করে বলবেন? আহমেদ আতাউল হাকিম: সরকার থেকে আনুষঙ্গিক সহায়তা তেমন পায় না সিএজির কার্যালয়। অর্থ মন্ত্রণালয়ের মর্জির ওপর নির্ভর করে সব। আর দশটা সংস্থার মতো সিএজির কার্যালয়কেও এক করে দেখে অর্থ মন্ত্রণালয়। পাশাপাশি রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারের অনেক মন্ত্রণালয়, বিভাগ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিজেদের ভালোমন্দ নিজেরা ঠিক করতে পারে। অথচ সংবিধানসৃষ্ট একটি সংস্থা হয়েও সিএজির কার্যালয় একজন পিয়ন পর্যন্ত নিয়োগ দিতে পারে না। অর্থাৎ কাজের জন্য সিএজির কার্যালয়ের স্বাধীনতা থাকলেও সংস্থাটির প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা একদমই নেই। যত দূর জেনেছি, বিশ্বের কোথাও এ রকম নজির নেই।প্রথম আলো: তাহলে করণীয় কী? আহমেদ আতাউল হাকিম: করণীয়র মধ্যে অন্যতম হচ্ছে নিরীক্ষা আইন প্রণয়ন। অবাক হলেও সত্যি দেশে কোনো নিরীক্ষা আইন নেই। ১০ বছর ধরে চেষ্টা চলছে এ আইন প্রণয়নের। কিন্তু আগের পাঁচ বছরে হয়নি, গত পাঁচ বছরে আমিও পারিনি। অথচ বিশ্বের সব দেশেই নিরীক্ষা আইন রয়েছে। বছরের পর বছর ধরে আইনের খসড়া পড়ে রয়েছে অর্থ মন্ত্রণালয়ে। বিভিন্ন সময়ে মন্ত্রণালয়ের প্রবণতা দেখে আমার মনে হয়েছে, খসড়াটি তারা খুলেও দেখেনি।প্রথম আলো: বিভিন্ন দেশে সিএজির কার্যালয়ের মতো সংস্থার নিরীক্ষা প্রতিবেদনে অনেক দুর্নীতির চিত্র উঠে আসে। কিন্তু আমাদের দেশের প্রতিবেদনগুলোতে তা অনেকটাই অনুপস্থিত থাকে। এমনটা হয় কেন? আহমেদ আতাউল হাকিম: বুঝতে হবে যে, কাজটা টেকনিক্যাল। মাঠপর্যায়ে যাঁরা কাজটা করেন, তাঁদের অনেক বিরূপ পরিস্থিতি মোকাবিলা করতে হয়। তবু ভালোই করেন তাঁরা। কারণ, তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়। আর, দুর্নীতি ধরা সিএজির কার্যালয়ের মূল উদ্দেশ্য নয়। সেটা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে নিরীক্ষা প্রতিবেদনে মারাত্মক কিছু উঠে এলে সঙ্গে সঙ্গেই তা দুদকে পাঠিয়ে দেওয়া হয়। প্রথম আলো: সরকারি-বেসরকারি পর্যায়ে কত বড় বড় দুর্নীতি হচ্ছে? আহমেদ আতাউল হাকিম: নিরীক্ষা প্রতিবেদনে অনিয়ম-দুর্নীতি অনেক সময় ঠিকই উঠে আসে। স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও সিভিল সার্জনদের কোটি কোটি টাকা লোপাটের ওপর প্রথম আলোতেই খবর বেরিয়েছে, যা ছিল নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে করা। আবার হল-মার্কের বিষয়ে নিরীক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট মহাপরিচালককে (ডিজি) আমি জিজ্ঞেস করেছিলাম। তাঁর কাছ থেকে সন্তোষজনক কোনো জবাব পাইনি। অবশ্য বেসরকারি পর্যায়ের নিরীক্ষাগুলো সিএজির কার্যালয় দেখে না। প্রথম আলো: বিদায়ী সিএজি হিসেবে সরকারের প্রতি আপনার কোনো বিশেষ পরামর্শ আছে কী? আহমেদ আতাউল হাকিম: সিএজির কার্যালয়কে কার্যকর করার দরকার দেশ ও জনগণের স্বার্থেই। সরকারের বোঝা উচিত, একটি দক্ষ ও শক্তিশালী সিএজির কার্যালয় সরকারেরই ভাবমূর্তি বাড়ায়। সচিবেরা খামাখা নেতিবাচক মনোভাব পোষণ করেন সিএজির কার্যালয়ের প্রতি। চোর ধরা সিএজির কাজ নয়, সিএজি তা করেনও না। কিন্তু যারা চোর, তারা যেহেতু জানে যে তারা চোর, তাই তারা নিজে থেকেই ভয়ে থাকে। নিরীক্ষা আইনটা পাস হয়ে গেলে অনেক কিছুই সহজ হয়ে যাবে। একধরনের হীন মনোভাবের কারণে নিরীক্ষা আইনের খসড়া আটকে রাখা হয়েছে, যা প্রকারান্তরে জনগণেরই ক্ষতি। এই মুহূর্তে দরকার, খসড়াটিকে হিমাগার থেকে বের করে আইনে পরিণত করা। [সাক্ষাৎকার নিয়েছেন ফখরুল ইসলাম ]