সিএদের চার দিনের আন্তর্জাতিক সম্মেলন ঢাকা ও চট্টগ্রামে
টেকসই ব্যবসার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে আনতে ২৭ নভেম্বর বাংলাদেশে শুরু হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের (সনদপ্রাপ্ত হিসাববিদ বা সিএ) আন্তর্জাতিক সম্মেলন। ঢাকা ও চট্টগ্রামে চার দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘সর্বোত্তম চর্চা এবং টেকসই উন্নয়নের জন্য কাজ করা’ (বেস্ট প্র্যাকটিসেস অ্যান্ড রিপোর্টিং ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ নভেম্বর সকাল ১০টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এই সম্মেলনের উদ্বোধন করবেন।রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।এ সময় প্রতিষ্ঠানের সভাপতি পারভীন মাহমুদ, সচিব এন আই চৌধুরী, সহসভাপতি মো. শাহাদাত হোসেন, কাউন্সিল সদস্য ও সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এবং ইউরোপের বিভিন্ন দেশের শতাধিক প্রতিনিধি ইতিমধ্যে সম্মেলনে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এই সংখ্যা ৭০০ ছাড়িয়ে যেতে পারে।সম্মেলনের অংশ হিসেবে ঢাকা ও চট্টগ্রামে আঞ্চলিক মান নির্ধারক সম্মেলন, এসএএফএ বিপিএ পদক-২০১০ প্রদানসহ কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।