সিএনজি ও ফিলিং স্টেশনের জন্য আমদানি করা যন্ত্রাংশের ওপর কর প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। বর্তমানে আমদানিপর্যায়ে এই খাতের মূলধনী যন্ত্রপাতির ওপর তিন শতাংশ অগ্রিম বাণিজ্য কর (অ্যাডভান্সড ট্রেড ভ্যাট) এবং পাঁচ শতাংশ অগ্রিম আয়কর কর্তন করা হয়। গতকাল সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত ২০১১-১২ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় সিএনজি ও ফিলিং স্টেশন ওয়ার্কশপ ও কনভার্সন মালিক সমিতির নেতারা এই দাবি জানান। অটোমোবাইল ও পরিবহন খাতের সঙ্গে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ। আলোচনা সভায় বক্তব্য দেন অভ্যন্তরীণ নৌযান চলাচল সংস্থার ঊর্ধ্বতন সহসভাপতি বদিউজ্জামান বাদল, সিএনজি ও ফিলিং স্টেশন ওয়ার্কশপ ও কনভার্সন মালিক সমিতির অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, মোটরসাইকেল সংযোজক ও উৎপাদক সমিতির প্রতিনিধি মোহাম্মদ আলী দ্বীন, মোটর পার্টস ও টায়ার-টিউব ব্যবসায়ী সমিতির প্রতিনিধি আনিসুর রহমান প্রমুখ। আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের অতিরিক্ত সচিব আবদুল খালেক, এনবিআরের সদস্য আবদুল মান্নান পাটোয়ারী, হুসেইন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় সমিতির পক্ষ থেকে বলা হয়, এই খাতে বর্তমানে ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে। এ ছাড়া ৬০০ সিএনজি স্টেশন ও ১৫০টি ফিলিং স্টেশন রয়েছে। সিএনজি শিল্পের সম্প্রসারণ হওয়ায় বছরে ১২ হাজার কোটি টাকার কম পেট্রোলিয়াম পণ্য আমদানি করতে হয়। পরিবেশের কথা বিবেচনা করে এই খাতের যন্ত্রপাতি আমদানিপর্যায়ে কর প্রত্যাহার করা উচিত বলে নেতারা উল্লেখ করেন। বদিউজ্জামান বাদল বলেন, সড়ক যোগাযোগের উন্নতি হওয়ায় স্বল্প দূরত্বের যাত্রীবাহী লঞ্চের চাহিদা কমে যাচ্ছে। গত সাত-আট বছরে ছোট যাত্রীবাহী লঞ্চ তৈরি করা হয়নি, যা হয়েছে কার্গো লঞ্চ। তাই ছোট লঞ্চমালিকদের অস্তিত্বের স্বার্থে আয়কর রেয়াত দেওয়া উচিত। এ ছাড়া বাস ও ট্রেনের সঙ্গে সমতা রেখে বিলাসবহুল লঞ্চের এসি যাত্রীদের মূল্য সংযোজন কর আরোপ করা দরকার। মোহাম্মদ আলী দ্বীন বলেন, স্থানীয় শিল্পকে রক্ষায় প্রস্তুত মোটরসাইকেলের ওপর শুল্ক আরও বাড়ানো উচিত। কেননা, এখন দেশেই উন্নতমানের মোটরসাইকেল সংযোজন করা হচ্ছে। আনিসুর রহমান বলেন, এমন কিছু গুরুত্বপূর্ণ মোটর পার্টস রয়েছে, যা দেশে তৈরি করা সম্ভব হয় না। কিন্তু প্রস্তুত পণ্য হিসেবে এসব পার্টস আমদানি করতে হয় যার শুল্কহার ২৫ শতাংশ। তাই এসব গুরুত্বপূর্ণ মোটর পার্টসের ওপর শুল্ক কমানো উচিত।