ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী বিভাগীয় শহরে কার্যক্রমটি চালাবে বিএসটিআই
সিএনজি স্টেশনের মিটার পরীক্ষা হবে
ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী বিভাগীয় শহরের সিএনজি ফিলিং স্টেশনের মিটার পরীক্ষা করবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ লক্ষ্যে ৭ কোটি ৪০ লাখ টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
চলতি ২০১৫-১৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) শিল্প মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত প্রকল্পসমূহ বাস্তবায়নের অগ্রগতি-সংক্রান্ত পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়েছে। ঢাকায় শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে গতকাল মঙ্গলবার সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থা ও করপোরেশনের প্রধান এবং সংশ্লিষ্ট প্রকল্পগুলোর পরিচালকেরা উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সিএনজি স্টেশনের মিটার পরীক্ষার জন্য শিগগিরই ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী বিভাগীয় শহরে বিএসটিআই কার্যালয়ে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ করা হবে।
সভায় সাভারের হেমায়েতপুরে নির্মাণাধীন চামড়াশিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের (সিইটিপি) নির্মাণকাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে যেসব ট্যানারি মালিক বরাদ্দকৃত প্লটে নির্মাণকাজ শুরু করেননি, তাঁদের প্লট বাতিলের জন্য একটি সভা আয়োজনের সিদ্ধান্ত হয়।
এ ছাড়া সভায় দেশের বাজারে আয়োডিনবিহীন লবণ এবং ভিটামিন ‘এ’ বিহীন ভোজ্যতেল বাজারজাতকরণের বিরুদ্ধে বিএসটিআইয়ের অভিযান জোরদারের নির্দেশ দেওয়া হয়। লবণ উৎপাদন কারখানাগুলোতে আয়োডিন মিশ্রণ এবং ভোজ্যতেল উৎপাদনকারী রিফাইনারিগুলোতে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ কার্যক্রম তদারকিরও নির্দেশ দেওয়া হয় সভায়।