সিএনজির দাম ফের বাড়লে জনভোগান্তি বাড়বে
সিএনজির (রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস) দাম বাড়িয়ে সরকার তার অপরিকল্পিত ব্যয়ের বোঝা জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে। গ্যাস খাত লাভজনক হওয়া সত্ত্বেও দাম বাড়ানো হচ্ছে। সিএনজির দাম ফের বাড়লে জনভোগান্তি বাড়বে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
‘পরিবহন ভাড়া বৃদ্ধি ও সিএনজির মূল্য বৃদ্ধি থামাও’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজক বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনর্ভাশন ওয়ার্কশপ অ্যাসোসিয়েশন।
আলোচনায় গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, এই সরকার কম আক্কেলের সরকার। তারা যুক্তিতে চলে না।
সিএনজির দাম বাড়ানো বন্ধের দাবি জানিয়ে সৈয়দ আবুল মকসুদ বলেন, সরকার যদি কোম্পানি, নিজের লোকদের স্বার্থ দেখে, তা হলে জনগণ ভয়ংকর রকমের ক্ষতিগ্রস্ত হবে।
জ্বালানি বিশেষজ্ঞ এম শামসুল আলম বলেন, জ্বালানি নিরাপত্তার কথা বলে সরকার গ্যাসের দাম বাড়িয়ে জনগণের কাছ থেকে টাকা তোলে। আর সেই টাকা অন্য খাতে ব্যয় করে।
আলোচনা সভার আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ফারহান নূর বলেন, গত ছয় বছরে সিএনজির মূল্য ২০০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। গত বছরের সেপ্টেম্বরে সিএনজির মূল্য ২৬ শতাংশ বৃদ্ধিতে পরিবহন ভাড়া বেড়েছে প্রায় দেড় গুণ। এবার মূল্যবৃদ্ধির প্রস্তাব করা হয়েছে ৮৩ শতাংশ। এই প্রস্তাব বাস্তবায়িত হলে জনভোগান্তি আরও বাড়বে। পরিবহন খাতে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এম এম আকাশের সঞ্চালনায় আলোচনা সভায় স্থপতি মোবাশ্বের হোসেন, জ্বালানি বিশেষজ্ঞ বদরুল ইমাম প্রমুখ বক্তব্য দেন।