সিএমজেএফের মিডিয়া অফিস উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার-বিষয়ক সংবাদকর্মীদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস’ ফোরামের (সিএমজেএফ) মিডিয়া অফিস উদ্বোধন করা হয়েছে। আজ রোববার বিকেলে মতিঝিলের দিলকুশায় ইউনুস সেন্টারে অবস্থিত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ঢাকার কার্যালয়ে এই অফিস উদ্বোধন করেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ সাজিদ হোসেন।

এ সময় সৈয়দ সাজিদ হোসেন বলেন, গত ২১ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে অর্থনৈতিক সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক সভাপতি আল-মারুফ খান সিএসইর ঢাকার কার্যালয়ে একটি মিডিয়া অফিস করার সম্মতি দেন। এরই ধারাবাহিকতায় সিএমজেএফের অফিস উদ্বোধন করা হয়েছে। নতুন এই অফিস উদ্বোধনের ফলে শেয়ারবাজার-সংক্রান্ত সাংবাদিকদের সঙ্গে সিএসইর যোগাযোগ আরও বাড়বে। একই সঙ্গে সিএসইর সংবাদ বিভিন্ন গণমাধ্যমে আরও বেশি প্রকাশ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সিএমজেএফের সভাপতি তৌহিদুল ইসলাম বলেন, এই অফিসের মাধ্যমে শেয়ারবাজার-সংশ্লিষ্ট সংবাদকর্মীরা তাঁদের পেশাগত দায়িত্ব পালনে আরও বেশি ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিএসইর উপমহাব্যবস্থাপক গোলাম ফরুক, সিএমজেএফের সভাপতি তৌহিদুল ইসলাম, সাবেক সভাপতি জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মনির হোসেন, ইটিভির বিজনেস এডিটর সৈয়দ আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।