সিএসআর আইন থাকা প্রয়োজন
সরকারের পক্ষে জনগণের কল্যাণে সবকিছু করা সম্ভব নয়। তাই সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) আওতায় কল্যাণমূলক কাজ করা যেতে পারে। এ জন্য একটি সিএসআর নির্দেশিকাসহ আইন থাকা দরকার।
গতকাল বৃহস্পতিবার পরিকল্পনা কমিশন সিএসআর নির্দেশিকা প্রণয়ন-সংক্রান্ত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। এতে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভাপতিত্ব করেন। বিভিন্ন শ্রেণি-পেশার বিশেষজ্ঞরা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান সিএসআর সেন্টার সিএসআরের ওপর একটি খসড়া নির্দেশিকা উপস্থাপন করে।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশে কোনো সিএসআর আইন নেই। তাই এই কার্যক্রমে অনেক ত্রুটি-বিচ্যুতি হয়েছে। গণমাধ্যমে দেখলাম ব্যাংকিং খাতে সিএসআরের টাকা নিয়ে নয়ছয় হয়েছে।’ তিনি আরও বলেন, সিএসআর নির্দেশিকা কী কাজে আসবে, এটা কীভাবে বাস্তবায়ন করা হবে জানি না। আইন করেও যেখানে বাস্তবায়ন করা যায় না, সেখানে নির্দেশিকা কতটা বাস্তবায়ন করা যাবে।’ তিনি মনে করেন, সিএসআর আইন হওয়া উচিত।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘সিএসআরের আওতায় টোলপথ, সেতু, স্কুল-কলেজসহ সব জনকল্যাণমূলক কাজ হতে পারে। কেউ যদি সরকারের পক্ষে এসব কাজ নিজের নামে করে, তাহলে সরকার কেন সহায়তা করবে না? সিএসআরের বিষয়টি কোন মন্ত্রণালয় তদারকি করবে তাও নির্দিষ্ট করতে হবে।’
সাবেক পররাষ্ট্রসচিব ফারুক সোবহান বলেন, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান সিএসআর করলে দেশের মানুষের কল্যাণ হয়। বাংলাদেশ ব্যাংক সিএসআর নিয়ে অনেক কাজ করছে। এতে অনেক মানুষ উপকৃত হচ্ছে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূরুন্নবী বলেন, দেশে ৩৭টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। সরকার এসব বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত তহবিল দিতে পারছে না। সিএসআরের আওতায় করপোরেট প্রতিষ্ঠানগুলো উচ্চশিক্ষা খাতে অবদান রাখতে পারে।
বিকেএমইএর সহসভাপতি আসলাম সানি বলেন, সরকারের সমর্থন থাকলে বিজিএমইএ ও বিকেএমইএ কর্মরত কর্মীদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদনে সিএসআর বাস্তবায়নে এগিয়ে আসবে।
অনুষ্ঠানে সিএসআর সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহামিন এস জামান সিএসআরের নির্দেশিকার ওপর একটি উপস্থাপনা দেন।