সরকারের রাজস্ব বিভাগ ব্যবসায়ীদের আরও বেশি করে সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করতে তাঁদের কর অব্যাহতি বা বিভিন্ন ধরনের প্রনোদণা দিতে পারে। এর ফলে ব্যবসায়ীরা মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের উন্নয়নেও আগ্রহী হবেন।চট্টগ্রামের একটি হোটেলে গত শনিবার ব্যবসায়িক প্রতিষ্ঠানের করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআরবিষয়ক এক পলিসি ডায়ালগ বা নীতি সংলাপে আলোচকগণ এ অভিমত দেন। তাঁরা বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে নিবিড় যোগাযোগ সিএসআর কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে। মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ও ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) যৌথভাবে সংলাপের আয়োজন করে।সংলাপে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান প্রধান অতিথি ও এনবিআরের সদস্য সৈয়দ মো. আমিনুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চিটাগাং চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম ও এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। এ ছাড়া চিটাগাং চেম্বারের পরিচালক, সদস্যবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়ী সমপ্রদায়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।