সিএসআর থেকে বন্যার্তদের পুনর্বাসনে খরচের নির্দেশ গভর্নরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির। সাম্প্রতিক সময়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশ দিয়েছেন গভর্নর।
আজ সোমবার দুপুরে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্টের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গভর্নর এ নির্দেশ দেন। এ সময় গভর্নর বলেন, সাম্প্রতিক যে বন্যা হয়েছে, সরকার পরিস্থিতি মোকাবিলায় উদ্যোগ নিয়েছে। পুনর্বাসনের জন্য ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে। ব্যাংকগুলোর সামাজিক দায়বদ্ধতা তহবিল (সিএসআর) থেকে পুনর্বাসনে খরচ করা হবে।
এ সময় ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, বন্যা পরিস্থিতিতে সহায়তার জন্য ব্যাংকগুলোর জন্য খুব দ্রুত এ বিষয়ে একটি নির্দেশনা দেওয়া হবে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ফরিদপুর, রাজবাড়ী, শেরপুর ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি উঠেছে নতুন নতুন এলাকায়। সিরাজগঞ্জ, জামালপুর, কুড়িগ্রাম ও টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে কেবল বগুড়ায়। তবে সব জায়গাতেই ত্রাণের অভাবে মানবেতর জীবন যাপন করছে বানভাসি মানুষ।