সিএসআর নিয়ে এমআরডিআই বিএসআরএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জেলার বেনাপোল সীমান্তের নিকটবর্তী গ্রাম বাহাদুরপুরে সহিংসতা ও পাচারের শিকার নারীদের চরম দারিদ্র্য ও নিরাপত্তাহীনতা দূর করে তাদের সচ্ছল করে তোলার জন্য ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) বিএসআরএমের আর্থিক সহায়তায় একটি প্রকল্প গ্রহণ করেছে।
এই প্রকল্পের আওতায় এখানে নারীদের জন্য একটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে, যা থেকে গ্রামের প্রায় ১০ হাজার মানুষ উপকৃত হবে।
এমআরডিআইয়ের তত্ত্বাবধানে বেসরকারি উন্নয়ন সংস্থা অলটারনেট ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর রেইজিং এন্ট্রাপ্রেনিউরশিপ (এডর) এবং দৈনিক গ্রামের কাগজ যৌথভাবে এই প্রকল্পের বাস্তবায়ন করবে।
ঢাকায় একটি হোটেলে সম্প্রতি এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিএসআরএমের চেয়ারম্যান আলী হুসেন আকবর আলী, এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, দৈনিক গ্রামের কাগজ-এর সম্পাদক মবিনুল ইসলাম মবিন এবং এডরের নির্বাহী পরিচালক মাহমুদ হাসান চুক্তিতে সই করেন।
এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
বিভিন্ন ব্যাংক ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।