সিএসআর বিষয়ে সচেতনতা ও চর্চা বাড়ানোর তাগিদ
বাংলাদেশের করপোরেট প্রতিষ্ঠানগুলো সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে বিক্ষিপ্তভাবে উন্নয়নমূলক কাজ করছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানেরই এ সম্পর্কে সুস্পষ্ট ধারণা বা সমন্বয় নেই। কিন্তু সিএসআর বিষয়ে সচেতনতা ও চর্চা বাড়ানো গেলে প্রতিষ্ঠানগুলো দেশের আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখতে সক্ষম। সিএসআর সেন্টার কর্তৃক প্রকাশিত ‘রিপোর্ট অন সিএসআর ইন বাংলাদেশ, ২০১২: প্র্যাকটিসিং রেসপনসিবল বিজনেস ফর মিউচুয়াল বেনিফিটস’ শীর্ষক প্রতিবেদনে এসব কথা বলা হয়। গতকাল রোববার বিকেলে রাজধানীতে নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সিএসআর সেন্টারের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফারুক সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান উইলিয়াম হান্না, নরওয়ের রাষ্ট্রদূত র্যাগনে বার্টে লুন্ড, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের জ্যেষ্ঠ ফেলো সালেমুল হক। প্রতিবেদনটির সারসংক্ষেপ উপস্থাপন করেন সিএসআর সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহামিন এস জামান। দায়িত্বশীল ব্যবসা প্রসারের লক্ষ্যে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক ক্ষমতা জোরদার, সচেতনতা বৃদ্ধি এবং সিএসআরের ধারণা গ্রহণ ও বাস্তবায়নের জন্য ২০০৭ সাল থেকে কাজ করছে সিএসআর সেন্টার। ২১টি এনজিও ও বেসরকারি প্রতিষ্ঠানের সিএসআর কার্যক্রম নিয়ে সাক্ষাৎকার ও গবেষণা করে সেন্টারটি এ প্রতিবেদন প্রকাশ করেছে, যা দায়িত্বশীল ব্যবসা প্রসারে উন্নতি ঘটাবে এবং জাতীয় উন্নতিতে অবদান রাখবে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘অনেক প্রতিষ্ঠানই নিজস্ব ধারণার ভিত্তিতে ভালো কাজ করছে। এখন দীর্ঘমেয়াদি উন্নয়নে কাজ করতে হবে। এ জন্য করপোরেট প্রতিষ্ঠানগুলোকে সুস্পষ্ট সিএসআর কার্যক্রম নেওয়ার জন্য সরকারকেও চাপ প্রয়োগ করতে হবে’। জলবায়ু পরিবর্তন, দূষণ ও মানবাধিকার খাতে সিএসআরের কার্যক্রম পরিচালনা করার ওপর গুরুত্ব আরোপ করেন তাঁরা।