সিএসআর ব্যয় সীমা বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএরআর) খাতে আগের চেয়ে বেশি ব্যয় করতে পারবে করপোরেট প্রতিষ্ঠানগুলো।
এসব প্রতিষ্ঠান আগে যেখানে আট কোটি টাকা পর্যন্ত সিএসআর হিসেবে ব্যয় করতে পারত, এখন সেটাকে বাড়িয়ে ১২ কোটি টাকা করা হয়েছে। তবে সিএসআরে ব্যয় করা অর্থ কোনোভাবেই ওই প্রতিষ্ঠানের মোট আয়ের ২০ শতাংশের বেশি হাবে না।
জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এমন কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
প্রসঙ্গত, করপোরেট প্রতিষ্ঠানগুলো যে পরিমাণ টাকা সিএসআর বাবদ ব্যয় করে, সেই টাকাটা করমুক্ত-সুবিধা পায়।
এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেছেন, সিএসআরকে উৎসাহিত করতে নানা উদ্যোগ নেওয়া হবে। সে কারণেই প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনাকবলিত মানুষের কল্যাণের জন্য গঠিত এবং সরকার অনুমোদিত তহবিলে অনুদান দেওয়াকেও সিএসআরের আওতাভুক্ত করার প্রস্তাব করেছেন তিনি।
একই সঙ্গে কয়েকটি খাতের অনুদানকেও করমুক্ত ঘোষণা করা হয়েছে। বাজেট বক্তৃতায় নারী শিক্ষা ও কারিগরি শিক্ষাকে উৎসাহ দিতে সরকার অনুমোদিত গার্লস স্কুল বা কলেজ এবং ভোকেশনাল ও টেকনিক্যাল ইনস্টিটিউশনে ব্যাংকিং চ্যানেলে দেওয়া অনুদানকে সম্পূর্ণ করমুক্ত করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
আবার আইনের বলে গঠিত জাতীয় পর্যায়ের কৃষি, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কোনো গবেষণাপ্রতিষ্ঠানকে গবেষণাকাজের জন্য ব্যাংকের মাধ্যমে দেওয়া অনুদানকেও করমুকক্ত করার প্রস্তাব করা হয়েছে।
এর পাশাপাশি কৃষি খাতে করমুক্ত আয়ের সীমা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।