সিএসআর ভবিষ্যৎ গ্রাহকও তৈরি করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রম ব্যবসায়কে শুধু রক্ষাই করে না, ভবিষ্যৎ ব্যবসা-বাণিজ্যকেও সুসংহত করে, তৈরি করে ভবিষ্যৎ গ্রাহক। ‘ইমাজিনিং অ্যানাদার ফিউচার ফর এশিয়া’ শীর্ষক তিন দিনব্যাপী সিম্পোজিয়ামের ‘ব্যবসা-বাণিজ্য কীভাবে সামাজিক পরিবর্তন আনতে পারে?’ শীর্ষক কর্ম অধিবেশনে বক্তারা এই অভিমত দেন। গতকাল শনিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন তিন দিনের এই সিম্পোজিয়ামের আয়োজন করে, যা গতকাল শেষ হয়েছে। অধিবেশনে বক্তব্য দেন হার্মস ইক্যুইটি ওনার্সশিপ সার্ভিসের চেয়ারম্যান মার্ক মডি স্টুয়ার্ট, গ্রামীণফোনের বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হেশজেদাল ও টাটা ইন্টারন্যাশনালের সাবেক সভাপতি শ্যামল গুপ্ত। এতে সভাপতিত্ব করেন হাডসন হেইটস পার্টনারের অংশীদার ও সিটি গ্রুপ ফাউন্ডেশনের সাবেক সভাপতি চার্লস রেমন্ড। মার্ক মডি স্টুয়ার্ট বক্তব্যে বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যখন সিএসআর করে, তখন তা শুধু সামাজিক দায়বদ্ধতার মানদণ্ডই পূরণ করে না, ভবিষ্যৎ গ্রাহক তৈরির পথও সুগম করে। তিনি উদাহরণ দিয়ে জানান, আফ্রিকা মহাদেশের মরণব্যাধি এইচআইভির ছোবল থেকে রক্ষা করার জন্য বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে। এতে একদিকে যেমন এইডসের প্রকোপ থেকে আফ্রিকার জনগোষ্ঠীকে সুরক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে, তেমনি এইডসের ঝুঁকি কমিয়ে সংশ্লিষ্ট কোম্পানির গ্রাহক তৈরিতেও সহায়তা করেছে। স্টুয়ার্ট আরও বলেন, ‘ব্যবসার মাধ্যমে সমাজের পরিবর্তন হোক—এটা আমরা চাই না। আমরা ব্যবসার মাধ্যমে সমাজের চাহিদাগুলো পূরণ করতে চাই।’ তাঁর মতে, একটি দেশের অগ্রাধিকারগুলো চিহ্নিত করে সেখানে বিনিয়োগ করা উচিত। মডি স্টুয়ার্ট উদাহরণ দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিক কাজ করেন। তাঁরা কীভাবে দেশে বিনিয়োগ করতে পারেন, সেই সুবিধাই নিশ্চিত করতে হবে। ব্যবসা মূলত চাহিদানির্ভর—এমন অভিমত দিয়ে মডি বলেন, ‘সিগারেট সমাজ পরিবর্তনে কোনো ইতিবাচক ভূমিকা রাখতে পারে না, কিন্তু চাহিদা থাকায় সিগারেটের ব্যবসা এখনো টিকে আছে।’ ওডভার হেশজেদাল বলেন, ‘গ্রামীণফোন এ দেশে বিভিন্ন ধরনের সিএসআর কার্যক্রম পরিচালনা করছে। এর অন্যতম হলো স্বাস্থ্য খাতে সেবা দিচ্ছে গ্রামীণফোন। এতে প্রতিষ্ঠানটির গ্রাহকেরা যেমন সুস্থ থাকতে পারছে, তেমনি সমাজের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হচ্ছে।’ তিনি অভিমত দেন, সিএসআর নিয়ে এ দেশে অনেক সভা-সেমিনার হয়। কিন্তু প্রকৃত অর্থে সিএসআর করতে হবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে। শ্যামল গুপ্ত তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘আগে টাটা ইন্টারন্যাশনালের কোনো প্রতিষ্ঠানে দুর্ঘটনা ঘটলে তার ক্ষতিপূরণ দিতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের অনুমোদন নিতে হতো। কিন্ত এখন নিয়মের পরিবর্তন করে প্রধান নির্বাহীর হাতে এই ক্ষমতা দেওয়া হয়েছে। টাটা ইন্টারন্যাশনালের ঠিকাদার, সরবরাহকারী, শ্রমিক সবাই এই সুবিধা ভোগ করছেন।’ বিদেশি সহায়তা একই সম্মেলনের ‘মেকিং ডেভেলপমেন্ট ওয়ার্ক উইদাউট ফরগেটিং পুওর পিপল: রিথিঙ্কিং এইড অ্যান্ড ফিলানথ্রফি ফর ইম্প্যাক্ট’ শীর্ষক আরেক অধিবেশনে বক্তারা বলেন, দরিদ্র মানুষকে পাশ কাটিয়ে কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই বিদেশি সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। এই অধিবেশনে বক্তব্য দেন বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইন, পপুলেশন ফাউন্ডেশন অব ইন্ডিয়ার নির্বাহী পরিচালক পুনম মতরেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুল করিম। গোল্ড স্টেইন বলেন, আশির দশকে দক্ষিণ এশিয়ার দেশগুলোয় তাদের মোট দেশজ আয়ের এক দশমিক ৬০ শতাংশ ছিল বিদেশি সহায়তা। এখন তা কমে দাঁড়িয়েছে দশমিক ৮০ শতাংশ। তবে বিদেশি সহায়তা কম হলেও সমাজে এর গুরত্বপূর্ণ প্রভাব এড়িয়ে যাওয়া কঠিন। উন্নয়ন প্রকল্পে দুর্নীতি সম্পর্কে গোল্ড স্টেইন বলেন, ‘আমরা দুর্নীতি নিরসনের নিশ্চয়তা দিতে পারি না। দুর্নীতির সংস্কৃতি বদলাতে হবে। এ জন্য এমনভাবে প্রকল্প প্রণয়ন করতে হবে যেন স্বচ্ছতা ও জবাবদিহি থাকে। এমনকি বাস্তবায়ন ও পরিদর্শনকালেও স্বচ্ছতা ও জবাবদিহি থাকতে হবে।’ পুনম মতরেজা তাঁর বক্তব্যে বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়ন, কেনাকাটায় স্বয়ংক্রিয় পদ্ধতি ব্যবহার ও সুশীল সমাজের অংশগ্রহণের মাধ্যমে যে কোনো প্রকল্পের দুর্নীতি কমানো সম্ভব। আবদুল করিম বলেন, বাংলাদেশের উন্নয়ন কর্মসূচিতে বিদেশি সহায়তার ব্যবহার কমছে। কারণ, এ দেশের বেসরকারি খাত এগিয়ে আসছে। তিনি অভিমত দেন, যেকোনো দেশের উন্নয়নের অন্যতম শর্ত হলো বিদেশি সহায়তার প্রয়োজনীয়তা।