সিএসআরের অর্থ ব্যয়ে স্বচ্ছতা দরকার
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক-বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমে ব্যয় করা কোম্পানির অর্থ করমুক্ত। তাই বিশেষ কর রেয়াত প্রাপ্ত এ অর্থ ব্যয়ে আরও জবাবদিহি ও স্বচ্ছতা থাকা উচিত। যাতে ওই কোম্পানির সিএসআর কার্যক্রম অন্য প্রতিষ্ঠানের কাছে অনুসরণীয় হয়।
গতকাল বৃহস্পতিবার ‘রিপোর্ট অন সিএসআর ইন বাংলাদেশ ২০১৫-ট্রান্সফরমিং ইনটু এ ভ্যালু ড্রাইভেন সোসাইটি’ শীর্ষক প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গওহর রিজভী এ কথা বলেন। বেসরকারি সংস্থা সিএসআর সেন্টার এ প্রতিবেদন প্রকাশ করেছে। গুলশানের একটি হোটেলে এ অনুষ্ঠানে আমলা, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও চীনের সিএসআর কার্যক্রম উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নারীরÿক্ষমতায়ন, শিক্ষা, কৃষি এবং নবায়নযোগ্য শক্তি—এ চারটি খাতে বাংলাদেশে সিএসআর কার্যক্রম হয়। এ ছাড়া বাংলাদেশের সিএসআর কার্যক্রমের বেশ কয়েকটি ঘটনার বিবরণ দেওয়া হয়েছে প্রতিবেদনে। সেন্টারটি তৃতীয়বারের মতো এ ধরনের প্রতিবেদন প্রকাশ করল।
সিএসআর সেন্টারের চেয়ারম্যান ও ট্রাস্টি বোর্ডের সদস্য ফারুক সোবহান বলেন, সিএসআরের মাধ্যমে মানবকল্যাণ করলে দেশের ভাবমূর্তি বাড়ে। আর ভাবমূর্তি ভালো হলে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হয়। তাঁর মতে, বাংলাদেশের মতো দেশে সিএসআরে উদ্দীপনা আরও বাড়ানো উচিত।
শ্রমসচিব মিকাইল শিপার মনে করেন, বাংলাদেশে এখনো সিএসআর ব্যবস্থাপনা সন্তোষজনক নয়। তাই করপোরেট প্রতিষ্ঠানের সুশাসন প্রতিষ্ঠায় উন্নতি করতে হবে। আসন্ন শ্রমনীতি ২০১৫-তে সিএসআরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি গোবার্ট বলেন, বর্তমান পুঁজিবাদী ব্যবস্থায় যেকোনো বেসরকারি প্রতিষ্ঠান মুনাফা চায়। কিন্তু কর্মীর কল্যাণে কাজ করলে তা ওই কোম্পানির মুনাফাকেই টেকসই করে। তাই সিএসআরের মাধ্যমে মানবিক কল্যাণ নিশ্চিত করতে হবে। তিনি সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের সিএসআর কার্যক্রম সম্প্রসারণের তাগিদ দেন।
ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জ্যাকব হোগার্ড বলেন, ২০২১ সালের মধ্যে তৈরি পোশাক রপ্তানি আয় দ্বিগুণ করার লক্ষ্যÿনির্ধারণ করেছে বাংলাদেশ। তাই সিএসআরের মাধ্যমে এ খাতের শ্রমমান আরও উন্নত করা যেতে পারে। এটা হতে পারে সরকারি-বেসরকারি যৌথ অংশীদারত্বে। তিনি মনে করেন, যেকোনো কোম্পানির মূল্যবোধের মধ্যে সিএসআর আদর্শটি ঢুকিয়ে দেওয়া উচিত।
এ ছাড়া অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন সিএসআর সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহামিন এস জামান।