ব্যবসায় সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অর্থ জঙ্গি বা সন্ত্রাসী লালনে ব্যয় হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তিনি বলেছেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সিএসআর অর্থ যেন অনভিপ্রেত কোনো জঙ্গি ও সন্ত্রাস লালনে ব্যয় না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এ ক্ষেত্রে কোনো অনিয়ম পাওয়া গেলে বাংলাদেশ ব্যাংক থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর সিএসআর কার্যক্রমের আওতায় গতকাল শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘরকে দেওয়া এক কোটি ৭২ লাখ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন। আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ) অনুষ্ঠানের আয়োজন করে। মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলীর কাছে চেক হস্তান্তর করেন গভর্নর। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন প্রমোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম মতিউল ইসলাম ও বিএলএফসিএর সভাপতি আসাদ খান উপস্থিত ছিলেন।