সিএসআরের আওতায় এল দুর্নীতি প্রতিরোধ ও তৃতীয় লিঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে অর্থ ব্যয়ের পরিধি বেড়েছে। এখন থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ‘শুদ্ধাচার ও দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রম এবং তৃতীয় লিঙ্গের জীবনমান’ উন্নয়নে সিএসআরের অর্থ ব্যয় করতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগ থেকে গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত আলাদা দুটি নির্দেশনা জারি করা হয়েছে। একটি নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো শুদ্ধাচার ও দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রমের প্রচার ও সচেতনতামূলক প্রচারণায় অর্থ সহায়তা করলে সেটিকে সিএসআর খাতের ব্যয় হিসেবে ধরা হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেরা বা অন্য কোনো প্রতিষ্ঠানের নেওয়া এ ধরনের কার্যক্রমে সহায়তা করতে পারবে।
অপর নির্দেশনায় বলা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো কোনো অর্থ ব্যয় করলে তা সিএসআরের আওতাভুক্ত করা হবে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সিএসআর খাতে যে অর্থ ব্যয় করে ছয় মাস পরপর তার হিসাব নির্ধারিত ছকে বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দিতে হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সিএসআরের আওতায় শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, পরিবেশ, খেলাধুলাসহ বিভিন্ন খাতে অর্থ খরচ করতে পারে।