সিএসআরের জন্য কর ছাড় ও অর্থ ব্যয় তদারকির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে দেশের অনেক শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠান উচ্চশিক্ষা ও গবেষণাকর্মে অর্থ সহায়তা দিতে আগ্রহী। কিন্তু সিএসআর কার্যক্রমে ব্যয় করা অর্থ আয়কর রেয়াতের সুবিধা না পাওয়ায় এবং এর সামাজিক স্বীকৃতি না থাকায় তারা উত্সাহ হারিয়ে ফেলছে।দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সিএসআরে অর্থ প্রদানকারীদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আয়কর প্রদানে রেয়াতসুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তবে এ অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে কি না, তা সরকারের সংশ্লিষ্ট সংস্থা দিয়ে তদারকির সুপারিশও করেছেন তাঁরা।গতকাল শনিবার ঢাকায় আয়োজিত ‘বাংলাদেশের বাণিজ্য ও অর্থনীতিতে সিএসআর কার্যক্রমে নীতি-সহায়তা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই), বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রিনিয়ারস (বিএফডব্লিউই) ও ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে।রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মূল বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইংরেজি দৈনিক ফিনানশিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন। আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি আনিসুল হক, বিএফডব্লিউইর সভাপতি রোকেয়া আফজাল রহমান ও এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।প্রধান অতিথির বক্তব্যে মসিউর রহমান বলেন, প্রতিটি শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কিছু দায়িত্ব রয়েছে। এর মধ্যে নিয়মিত সময় ব্যাংক-ঋণ ও আয়কর পরিশোধ করা, কর্মচারীদের সঠিক সময় বেতন-ভাতা দেওয়া অন্যতম। কিন্তু বারবার ঋণ পুনঃ তফসিলকারী প্রতিষ্ঠানের সিএসআর কার্যক্রম করার অধিকার আছে কি না, এ বিষয়ে ভাবতে হবে।মসিউর রহমান আরও বলেন, কোনো প্রতিষ্ঠানের মুনাফার একটা অংশ সমাজের উন্নয়নে ব্যয় করলে ওই পরিমাণ অর্থে আয়কর মওকুফ করা প্রয়োজন। তবে সিএসআরের নামে ব্যয় করতে গিয়ে কোনো অপচয় হচ্ছে কি না, তা তদারক করতে হবে।মূল বক্তব্য উপস্থাপনকালে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ খুবই কম। আর অনেক শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠান এ কাজে অনুদান দিতে চায়। কিন্তু অনুদানের অর্থে আয়কর রেয়াত না পাওয়ায় অনেকেই উত্সাহী হয় না। একই সঙ্গে দাতারা তাদের অনুদানের স্বীকৃতি চায়।ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, উচ্চশিক্ষা ও গবেষণায় অনুদানের অর্থের ক্ষেত্রে আয়কর মওকুফ করলে হয়তো সরকারের আয় কিছুটা কম হবে, তবে সংশ্লিষ্ট খাতে সরকারের অর্থ বরাদ্দ কম দিতে হবে। এতে পরোক্ষভাবে অর্থনীতির উন্নয়ন হবে। তিনি সরকারি বিশ্ববিদ্যালয়ে বেসরকারি অনুদানের অর্থে আয়কর রেয়াত দেওয়ার প্রস্তাব করেন।মুক্ত আলোচনায় অংশ নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, প্রতিবেশী দেশ ভারতেও সিএসআরের অংশ হিসেবে সরকারি বিশ্ববিদ্যালয়ে বেসরকারি অনুদান নেওয়ার জন্য নীতিমালা রয়েছে। বাংলাদেশেও তিনি এ ধরনের নীতিমালা প্রণয়নের তাগিদ দেন।মেট্রোপলিটন চেম্বারের (এমসিসিআই) সভাপতি আনিস-উদ-দৌলা বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানের দান আর সিএসআর এক করে দেখা ঠিক হবে না। একটা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সিএসআর হলো প্রতিযোগিতামূলক দামে গুণগত মানসম্পন্ন পণ্য ভোক্তাকে দেওয়া।বিকেএমইএর সভাপতি মো. ফজলুল হক বলেন, সিএসআরে যাঁরা অর্থ ব্যয় করেন, তাঁদের আয়কর দেওয়ার ক্ষেত্রে সুবিধা ছাড়াও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিলে অনেকেই উত্সাহী হবেন। বিকেএমইএ থেকে কারখানায় শ্রমিকবান্ধব পরিবেশ সৃষ্টিকারী সেরা ১০টি প্রতিষ্ঠানকে প্রতিবছর পুরস্কার দেওয়া হচ্ছে বলে তিনি জানান।সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, দেশের জিডিপি ও করের অনুপাত কম হওয়ায় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সিএসআরে আরও উত্সাহিত করা উচিত। তবে সিএসআরের অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি থাকা প্রয়োজন।তবে আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে সদস্য জাহানারা সিদ্দিকী ও সৈয়দ আমিনুল করিম জানান, যেসব প্রতিষ্ঠান নিজের কারখানার বর্জ্য ব্যবস্থাপনা করে, কর্মচারীদের ন্যূনতম বেতন দেয় ও তাঁদের প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করে, এসব প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ সিএসআরে ব্যয় করলে আয়কর মওকুফ করা হয়। কিন্তু এসব শর্ত অনেকেই মানে না। তাঁরা আরও জানান, আবার অনেকে সিএসআর কার্যক্রমে পাঁচ লাখ টাকা ব্যয় করে পাঁচ কোটি টাকার হিসাব দেন। এ জন্য ঢালাওভাবে সব প্রতিষ্ঠানের সিএসআরের অর্থে আয়কর রেয়াত দেওয়া ঠিক হবে না।