সিএসই এমডির পদত্যাগ পর্ষদে অনুমোদিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়ালি উল মারুফ মতিনের পদত্যাগ অনুমোদন করেছে সংস্থাটির পরিচালনা পর্ষদ। গতকাল রোববার পর্ষদ সভায় তাঁর পদত্যাগপত্র অনুমোদন করা হয়, যা এখন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।
সিএসইর পরিচালক ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রথম সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন প্রথম আলোকে মারুফ মতিনের পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পর্ষদ সর্বসম্মতভাবে এমডির পদত্যাগপত্রটি গ্রহণ করেছে।
ব্যবস্থাপনা পরিচালকের কাজে পরিচালনা পর্ষদের প্রভাবশালী সদস্যরা ‘অযাচিত হস্তক্ষেপ’ করেন এমন অভিযোগ এনে গত ৩০ নভেম্বর পদত্যাগ করেন মারুফ মতিন।
স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা (ডিমিউচুয়ালাইজেশন) করার পর এ-সংক্রান্ত আইনে পরিচালনা পর্ষদ ও এমডির দায়িত্ব সুনির্দিষ্ট করা হয়। স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনার ক্ষেত্রে এমডি যাতে প্রভাবমুক্ত থেকে কাজ করতে পারেন, সে জন্য এমডির ক্ষমতাও বাড়ানো রয়েছে আইনে।
এদিকে এমডির পদত্যাগের ঘটনায় বিএসইসি ইতিমধ্যে উভয় পক্ষের সঙ্গে আলাদা বৈঠক করেছে। এ ক্ষেত্রে ডিমিউচুয়ালাইজেশন আইনের কোনো ব্যত্যয় ঘটেছে কি না তা খতিয়ে দেখছে বিএসইসি।
পদাধিকারবলে এমডি নিজেও পর্ষদের সদস্য হলেও গতকালের সভায় তিনি উপস্থিত ছিলেন না বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, পর্ষদের অনুমোদনের পর বিএসইসির চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে পদত্যাগের সিদ্ধান্তটি কার্যকর হবে। নাম প্রকাশে অনিচ্ছুক সিএসইর এক পরিচালক প্রথম আলোকে বলেন, পদত্যাগপত্রে তিন মাসের নোটিশের কথাটি উল্লেখ থাকলেও পর্ষদ সর্বসম্মতভাবে তাৎক্ষণিকভাবে এ পদত্যাগ অনুমোদন করেছে।
যোগাযোগ করা হলে সিএসইর এমডি ওয়ালি উল মারুফ মতিন গতকাল সন্ধ্যায় বলেন, ‘পর্ষদের পক্ষ থেকে এ বিষয়ে আমাকে লিখিতভাবে কিছু জানানো হয়নি।’