সিএসইতে আইপিও সূচক চালু ৯ ফেব্রুয়ারি
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৯ ফেব্রুয়ারি (রোববার) চালু হচ্ছে নতুন আইপিও সূচক (ইনডেক্স)। আজ সোমবার বিকেলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাত্ শেষে সিএসইর সভাপতি আল মারুফ খান সাংবাদিকদের এ তথ্য জানান।
আল মারুফ খান বলেন, আইপিও সূচক চালুর ব্যাপারে আজ বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে। ৫ ফেব্রুয়ারি বিএসইসিতে এ-সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হবে। ৯ ফেব্রুয়ারি থেকে নতুন এই সূচক চালু হবে বলে বিএসইসিকে জানানো হয়েছে।
গত দুই বছরে আইপিওর মাধ্যমে বাজারে আসা কোম্পানিগুলো নতুন এই সূচকের আওতায় থাকবে। পরবর্তীকালে এটা হালনাগাদ করা হবে। এর মাধ্যমে আইপিওর মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানির অবস্থা আরও সহজে জানতে পারবেন এবং সে অনুযায়ী বিনিয়োগ করতে পারবেন বিনিয়োগকারীরা।
এর আগে গত ২০ জানুয়ারি আইপিও সূচক চালুর বিষয়ে সিদ্ধান্ত সিএসই কর্তৃপক্ষ। এটা চালুর বিষয়ে বিএসইসির কাছে আবেদন জানানো হয়। তবে শরিয়াহ সূচক ও বেঞ্চমার্ক সূচক চালুর ব্যাপারে এখনই সিদ্ধান্ত নেয়নি সিএসই।
সিএসই জানা গেছে, ইতিমধ্যে ব্রোকারেজ হাউসগুলোতে পরীক্ষামূলকভাবে আইপিও সূচক চালু করা হয়েছে। বিনিয়োগকারীদের বিনিয়োগের সুবিধার্থে নতুন তালিকাভুক্ত কোম্পানির কর্মক্ষমতা, দর ওঠানামা ও গতিবিধি বোঝার লক্ষ্যে আইপিও সূচক গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এক হাজার পয়েন্টকে ভিত্তি ধরে এবং ২০১৩ সালের ৩১ জানুয়ারিকে ভিত্তি বছর ধরে এই সূচক গণনা করা হবে।
সিএসই সূত্রে আরও জানা যায়, যে কোনো কোম্পানি আইপিওর মাধ্যমে তালিকাভুক্তির পর দুই বছর এ সূচকের আওতায় থাকবে। এ সূচক বছরে দুবার পর্যালোচনা করা হবে। সূচকটি রিয়েল টাইম বা বাস্তব সময়ের ওপর ভিত্তি করে গণনা করা হবে। এ ছাড়া প্রতিটি লেনদেন শূন্য থেকে আপডেট হবে এবং অনলাইন লেনদেন ব্যবস্থার মাধ্যমে সিএসইর ওয়েবসাইটে প্রচারিত হবে। আর তিন মিনিট পর পর ওয়েবসাইট আপডেট হবে।