সিএসইতে এক হাজার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকালের সংবাদ সম্মেলনে সিএসই​র কর্মকর্তারা
গতকালের সংবাদ সম্মেলনে সিএসই​র কর্মকর্তারা

এক বছরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিনিয়োগকারীদের ১ হাজার ২৪টি অভিযোগ জমা পড়েছে। আগামী জুনের মধ্যেই সেগুলো নিষ্পন্ন করা হবে।
রাজধানীর মতিঝিলে সিএসইর ঢাকা কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এমন আশ্বাস দিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি)Üওয়ালি-উল-মারুফ মতিন। ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক (ডিমিউচুয়ালাইজেশন)
হওয়ার এক বছর পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সিএসইর চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মজিদ, স্বতন্ত্র পরিচালক মুহাম্মদ আইয়ুব ইসলাম, শাখাওয়াত হোসাইন, মঈনুল ইসলাম মাহমুদ, সফিউল ইসলাম, শেয়ারধারী পরিচালক মুহাম্মদ খায়রুল আনাম চৌধুরী, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ এতে উপস্থিত ছিলেন।
ওয়ালি-উল-মারুফ মতিন বলেন, ‘সিএসইতে বিনিয়োগকারীদের অভিযোগ আমরা শূন্যের কোঠায় নামিয়ে আনব।’ তবে এসব অভিযোগ আগামী চার মাসের মধ্যে কীভাবে নিষ্পন্ন করা হবে, তার কোনো ব্যাখ্যা দেননি তিনি।
বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং উত্তম সেবা দিতে সিএসই কাজ করছে উল্লেখ করে ওয়ালি-উল বলেন, ডিমিউচুয়ালাইজেশন হওয়ার পর সিএসই এ ব্যাপারে আরও বেশি মনোযোগী।
ডিমিউচুয়ালাইজেশনের পরবর্তী অবস্থা সম্পর্কে সিএসইর এমডি বলেন, সিএসইর বর্তমান পরিচালনা পর্ষদের এক-তৃতীয়াংশ বাণিজ্যিক স্বার্থের সঙ্গে জড়িত। বাকি পরিচালকদের শেয়ারবাজারে কোনো বাণিজ্যিক স্বার্থ নেই। তাঁরা পেশাদার ও অভিজ্ঞ। বিনিয়োগকারীদের স্বার্থ দেখার জন্যই তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।
সিএসইর এক বছরের ব্যবসায়িক সফলতা কী এবং বছর শেষে শেয়ারধারী পরিচালকদের জন্যই বা কী বার্তা রয়েছে—এমন প্রশ্নের জবাবে ওয়ালি-উল-মারুফ বলেন, ‘সিএসই পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ায় শেয়ারধারী পরিচালকদের স্বার্থ বেশি দেখার দরকার ছিল। কিন্তু এখনই আমরা তা করছি না। আগে আমরা বিনিয়োগকারীদের স্বার্থে কাজ করছি। কীভাবে তাঁদের আরও উন্নত সেবা দেওয়া যায়। বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করা গেলে প্রতিষ্ঠানের ব্যবসায়িক সফলতা স্বাভাবিকভাবেই আসবে।’
ওভার দ্য কাউন্টার বাজারের (ওটিসি) সংস্কারের বিষয়ে সিএসইর এমডি বলেন, ‘সিএসইর ওটিসি বাজারে বর্তমানে ৫১টি কোম্পানি রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি কোম্পানির অস্তিত্ব নেই বলে আমরা জেনেছি। সরেজমিনে কোম্পানিগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেসব কোম্পানির অস্তিত্ব পাওয়া যাবে না, তাদের বাজার থেকে সরিয়ে দেওয়া হবে। আর যেসব কোম্পানি মূল বাজারে ফিরতে আগ্রহী, তাদেরও সব ধরনের সহায়তা দেওয়া হবে।’