সিএসইতে এমআই সিমেন্টের লেনদেন শুরু
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ রোববার থেকে এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে। সিএসইর প্রেসিডেন্ট ফখর উদ্দিন আলী আহমেদ আজ বেলা ১১টায় মতিঝিলে ইউনূস টাওয়ারে অবস্থিত সিএসইর ঢাকার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কোম্পানিটির শেয়ার লেনদেনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ফখর উদ্দিন আলী আহমেদ বলেন, ‘আমরা বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি। সিএসইতে এমআই সিমেন্টের তালিকাভুক্তি একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে দীর্ঘ অপেক্ষার দিন শেষ হলো।’ এ ছাড়া তিনি বিনিয়োগকারীদের বুঝেশুনে বিনিয়োগের পরামর্শ দেন।এমআই সিমেন্টের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রতিষ্ঠানটির শেয়ার অতিমূল্যায়িত ছিল এমনটি নয়। কিছু প্রক্রিয়াগত সমস্যার কারণে তালিকাভুক্তিতে একটু দেরি হয়েছে। এমআই সিমেন্টের ফান্ডামেন্টাল অনেক ভালো। আমরা বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিতে পারব।’ তিনি সিএসই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং বিনিয়োগকারীদের ধৈর্য ধরার অনুরোধ করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমআই সিমেন্টের ব্যবস্থপনা পরিচালক কবির উদ্দিন মোল্লা, সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অধ্যাপক আবদুল্লাহ মামুনসহ সিএসই ও এমআই সিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা।এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সঙ্গে সংশ্লিষ্ট বিও হিসাবধারীরা সাধারণ লেনদেন হিসাব খুলে সিএসইতে লেনদেন করতে পারবে বলে সিএসইর পক্ষ থেকে জানানো হয়।অনেক টানাহেঁচড়ার পর গত বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সংশ্লিষ্ট নির্দেশনা মেনে সিএসই কোম্পানিটিকে তালিকাভুক্তির সিদ্ধান্ত নেয়।তবে একই ধরনের নির্দেশনা থাকার পরও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটিকে তালিকাভুক্তি না দেওয়ায় প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বরাদ্দ পাওয়া শেয়ারধারীদের অনেকেই অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। ডিএসইর ব্রোকারেজ হাউসের মাধ্যমে আবেদন করে যাঁরা শেয়ার পেয়েছেন, তাঁরা শেয়ার বিক্রি করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।শেয়ারবাজারে ধসের পরিপ্রেক্ষিতে গত ২০ জানুয়ারি সরকার বুকবিল্ডিং পদ্ধতিতে এমআই সিমেন্ট ও এমজেএল বাংলাদেশ লিমিটেডের শেয়ার অতিমূল্যায়িত হয়েছে উল্লেখ করে তালিকাভুক্তির প্রক্রিয়া স্থগিত করে। পরে এসইসি সরকারের নির্দেশে শর্তসাপেক্ষে তালিকাভুক্তির উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় এমআই সিমেন্টকে কয়েক দফায় শর্ত দেয় এসইসি। কোম্পানিটি সব শর্ত মেনেই তালিকাভুক্তিতে সম্মতি দেয়। কিন্তু ডিএসই এতে আপত্তি জানায়। সর্বশেষ তালিকাভুক্তির ছয় মাসের মধ্যে বরাদ্দ মূল্যের চেয়ে শেয়ারের বাজারদর কমে গেলে প্রাথমিক শেয়ারধারীদের কোম্পানির উদ্যোক্তা পরিচালকেরা ক্ষতিপূরণ দেবেন, এ শর্তে কোম্পানিটিকে তালিকাভুক্তির নির্দেশ দেয় এসইসি। এসইসির নির্দেশ মেনে কোম্পানিটি ক্ষতিপূরণের বিপরীতে নিরাপত্তা জামানত হিসেবে ৫০ লাখ শেয়ার ডিএসইতে জমা দিয়েছে।