সিএসইতে মাশুল কমছে
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেনের ওপর লাগা চার্জ বা মাশুল কমানো হয়েছে। আজ সোমবার সিএসইর পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ সিএসইর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে সিএসইতে ১০০ টাকা লেনদেন করলে বিনিয়োগকারীদের ২৫ পয়সা মাশুল দিতে হতো। এখন থেকে এ মাশুলে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিনিয়োগকারীদের ১ টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত লেনদেনে প্রতি ১০০ টাকায় ১৮ পয়সা মাশুল দিতে হবে। এ ছাড়া ৫ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত লেনদেনে শতকরা ১৫ পয়সা ও ১০ কোটি টাকার ওপর লেনদেনে শতকরা ১৩ পয়সা মাশুল নির্ধারণ করা হয়েছে।
টাকার অঙ্কে একেকটি ব্রোকারেজ হাউসে যে লেনদেন হয়, তার ভিত্তিতে যে মাশুল দিতে হয়, সেটিকে লাগা চার্জ বা মাশুল হিসেবে বিবেচনা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিএসইতে প্রতি হাওলায় হাওলা বা কন্ট্রাক্ট চার্জ হবে ২ টাকা। এ ছাড়া সিএসইর ব্রোকাররা প্রতি লেনদেনের ওপর ব্রোকারেজ কমিশন ১ শতাংশ বা ৮ টাকার বেশি নেবে না।