সিএসইতে শরিয়াহভিত্তিক সূচক চালু
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নতুন দুটি সূচক চালু করা হয়েছে। গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে সিএসই-৫০ ও শরিয়াহভিত্তিক সিএসআই নামে এই দুটি সূচক চালু করা হয়। এর ফলে সিএসইতে বর্তমানে মোট সূচকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচটিতে।
এর আগে সিএসই-৩০, সিএসসিএক্স ও সিএএসপিআই নামে তিনটি সূচক চালু ছিল। এর মধ্যে সিএসই-৩০ বাছাই করা কোম্পানির সমন্বয়ে গঠিত। জেড শ্রেণিভুক্ত কোম্পানি বাদে অন্যান্য কোম্পানি নিয়ে গঠিত সিএসসিএক্স সূচকটি। আর সিএএসপিআই সূচকটি সিএসইর সার্বিক সূচক নামে পরিচিত। এই সূচকে জেড শ্রেণিসহ অন্যান্য শ্রেণিভুক্ত কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে।
সিএসইর ঢাকা কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন সূচক দুটি চালুর ঘোষণা দেন সংস্থাটির চেয়ারম্যান ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।
চট্টগ্রামের বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে ভালো মৌলভিত্তির ৫০টি কোম্পানি নিয়ে গঠন করা হয় সিএসই-৫০ সূচকটি। আর আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে ৬৩টি কোম্পানির সমন্বয়ে গঠন করা হয়েছে সিএসআই শরিয়াহ সূচকটি।
সিএসইর আগে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএস নামে শরিয়াহ সূচক চালু করা হয়েছে। তবে ডিএসইর শরিয়াহভিত্তিক সূচকে কোন কোন কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে, সেই তালিকা প্রকাশ করা হয় না। তবে স্বচ্ছতার স্বার্থে সিএসই শরিয়াহ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর তালিকা প্রকাশ করেছে।
সিএসই কর্তৃপক্ষ বলছে, নতুন দুটি সূচক চালুর ফলে বিনিয়োগকারীদের জন্য আরও স্বচ্ছ ও সুনির্দিষ্ট বিনিয়োগের দ্বার উন্মোচিত হয়েছে। যেসব বিনিয়োগকারী ভালো মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করতে আগ্রহী, তাঁদের বিনিয়োগ সিদ্ধান্তে ভালো ভূমিকা রাখবে সিএসই-৫০ সূচকটি। আর ইসলামি বা শরিয়াহভিত্তিক বিনিয়োগে যাঁরা আগ্রহী, তাঁদের জন্য সিএসআই শরিয়াহ সূচকটি কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যসহ ইসলামিক দেশগুলোর বিনিয়োগের জন্য শরিয়াহ সূচকটি নতুন দ্বার খুলে দেবে। নতুন সূচক শেয়ারবাজারে নতুন বিনিয়োগ নিয়ে আসবে বলেও আশাবাদী সংস্থাটির কর্মকর্তারা।
সিএসই জানিয়েছে, এক হাজার পয়েন্টকে ভিত্তি ধরে নতুন দুটি সূচক গণনা শুরু করা হয়েছে। এর মধ্যে সিএসই-৫০ সূচক গণনায় ভিত্তি সময় ধরা হয়েছে ২০০৯ সালের ২ জুলাইকে। আর শরিয়াহভিত্তিক সিএসআই সূচকের ভিত্তি সময় ধরা হয় ২০১০ সালের ৪ জুলাইকে। এর ফলে গতকাল প্রথম দিন প্রায় এক হাজার ১৭৪ পয়েন্টের অবস্থান দিয়ে যাত্রা শুরু হয় সিএসই-৫০ সূচকের। আর সিএসআই সূচকের প্রারম্ভিক অবস্থান ছিল প্রায় এক হাজার ৯৩ পয়েন্ট। গতকাল লেনদেন শেষে এই দুটি সূচকই বেড়েছে। এর মধ্যে সিএসই-৫০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২০৪ পয়েন্টে। সিএসআই সূচক প্রায় ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৬ পয়েন্টে।
ভারতীয় প্রতিষ্ঠান ইনডেক্স সার্ভিসেস অ্যান্ড প্রোডাক্টস এবং তাকওয়া অ্যাডভাইজরি অ্যান্ড শরিয়াহ ইনভেস্টমেন্ট সলিউশনের সহায়তায় নতুন দুটি সূচক চালু করা হয়েছে। ভবিষ্যতে আইপিও সূচক নামে নতুন আরেকটি সূচক চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে সিএসই কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিএসই-৫০ সূচকটি বছরে দুবার ও সিএসআই সূচকটি বছরে একবার সমন্বয় করা হবে। বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে এই দুই সূচকে নিয়মিতভাবে নতুন কোম্পানি অন্তর্ভুক্ত করা হবে আর কিছু কোম্পানি বাদ পড়বে। মিউচুয়াল ফান্ড, বন্ড ও জেড শ্রেণিভুক্ত কোনো কোম্পানি এই সূচকে অন্তর্ভুক্ত হবে না।
সিএসই জানিয়েছে, শরিয়াহ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলো যদি শরিয়াহবহির্ভূত কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত হয়, তাহলে সেই কোম্পানিটি সূচক থেকে বাদ পড়বে। কোম্পানিগুলোর শরিয়াহভিত্তিক ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়মিত পর্যালোচনার জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে। এই সূচকে জেড শ্রেণিভুক্ত কোম্পানিও অন্তর্ভুক্ত হবে।
বাছাই করা ভালো মৌলভিত্তির কোম্পানি নিয়ে গঠিত সিএসই-৩০ নামে একটি সূচক থাকার পরও কেন সিএসই-৫০ সূচক চালু করা হলো, এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন বলেন, সিএসই-৩০ সূচকের মাধ্যমে বাজারের প্রকৃত চিত্র প্রতিফলিত হয় না।
সিএসই-৫০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ২২টি ব্যাংক রয়েছে। আর শরিয়াহ সূচকে ব্যাংক খাতের কোম্পানি রয়েছে পাঁচটি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থাটির পরিচালক মঈনুল ইসলাম মাহমুদ, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।