এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডকে অবিলম্বে তালিকাভুক্ত করতে আবারও ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। অন্যদিকে এমজেএল বাংলাদেশ লিমিটেডের তালিকাভুক্তির মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়েছে। সংস্থাটির এক জরুরি সভায় গতকাল রোববার এ-সংক্রান্ত সিদ্ধান্ত হয়। এসইসি সূত্রে জানা যায়, সম্প্রতি এসইসি এমআই সিমেন্টকে তালিকাভুক্তির জন্য দুই স্টক এক্সচেঞ্জের প্রতি নির্দেশনা জারি করে। কিন্তু ৩ মে ডিএসইর পরিচালনা পর্ষদ এসইসির ওই নির্দেশনা উপেক্ষা করে বিষয়টি পুনর্বিবেচনা করতে অনুরোধ করে। এসইসি ডিএসইর অনুরোধ নাকচ করে আবারও তালিকাভুক্তির নির্দেশনা জারি করেছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এসইসির নির্দেশনা মেনে কোম্পানিটিকে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয়। এর ধারাবাহিকতায় গতকাল স্টক এক্সচেঞ্জটিতে এমআই সিমেন্টের শেয়ারের লেনদেন শুরু হয়েছে। প্রথম দিনই শেয়ারটির সর্বোচ্চ দাম ওঠে ১৫২ টাকা। সিএসইতে এদিন মোট ছয় লাখ ৪৭ হাজার শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য আট কোটি ৪৪ লাখ ৯২ হাজার টাকা। সকালে সিএসই ঢাকা কার্যালয়ে প্রতিষ্ঠানটির সভাপতি ফখরউদ্দিন আলী আমহদ এমআই সিমেন্টের শেয়ারের লেনদেন কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমআই সিমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্লা, পরিচালক মোহাম্মদ আলমগীর কবির, মোল্লা মোহাম্মদ মজনু, মোহাম্মদ মিজানুর রহমান মোল্লা, মোহাম্মদ আলমাস শিমুল। সিএসইর পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ মামুন, উপপ্রধান নির্বাহী কর্মকর্তা সাইদ সাজিদ হোসেইন ও পরিচালক মোহাম্মদ মফিজউদ্দিন। ফখরউদ্দিন আলী আহমদ বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গে পুঁজিবাজারও। পুঁজিবাজারের সাময়িক প্রতিবন্ধকতা কেটে যাবে—এ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, কোম্পানিটির শেয়ারের লেনদেন শুরু হওয়ায় বাজারে নতুন বিনেয়োগ আসবে। প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি এমজেএল ও এমআই সিমেন্টের শেয়ার অতিমূল্যায়িত উল্লেখ করে সরকার তালিকাভুক্তির প্রক্রিয়া স্থগিত করে। পরে সরকারের নির্দেশে শর্ত সাপেক্ষে তালিকাভুক্তির উদ্যোগ নেয় এসইসি।