সিএসইর ইন্টারনেট বাণিজ্য মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আয়োজনে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল বুধবার উদ্বোধন করা হয়েছে দুই দিনব্যাপী ইন্টারনেট ট্রেড ফেয়ার। দেশব্যাপী প্রসারিত ইন্টারনেট সুবিধা ব্যবহার করে শেয়ারবাজারে নতুন বিনিয়োগকারী টেনে আনার উদ্দেশ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় এ মেলার উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান বলেন, ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট বা আর্থিক প্রতিবেদন আইন জাতীয় সংসদের আগামী অধিবেশনে অনুমোদনের জন্য তোলা হবে। এ আইনটি করার ব্যাপারে দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল দাবি জানিয়ে আসছিল। আইনটি পাস হলে আর্থিক খাতে স্বচ্ছতা আরও বাড়বে।
শেয়ারবাজার-সংশ্লিষ্ট আইনকানুন সবাইকে মেনে চলার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা স্বাধীনভাবে কাজ করছে। সবাই যদি সংশ্লিষ্ট আইনকানুন মেনে চলেন তাহলে শেয়ারবাজারে সরকারের হস্তক্ষেপ করার কোনো অভিপ্রায় নেই।
বিগত ৫ জানুয়ারির নির্বাচনের পর দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে বলেও অনুষ্ঠানে দাবি করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি জানান, চীনের নেতৃত্বে বিশ্বব্যাংক ও আইএমএফের আদলে গঠিত হতে যাওয়া এআইআইবির প্রাথমিক সদস্যপদের একটি সমঝোতা চুক্তি সইয়ের জন্য তিনি বেইজিং যাচ্ছেন। আগামী ২৪ অক্টোবর সমঝোতা চুক্তিটি সই করা হবে।
দুই দিনব্যাপী এ মেলায় ২৪টি প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক স্টল রয়েছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে সিএসইর সদস্যভুক্ত ১৭টি ব্রোকারেজ হাউস রয়েছে।
দেশের আনাচকানাচে ছড়িয়ে থাকা ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, গৃহিণীসহ সবাই ইন্টারনেট ব্যবহার করে যাতে শেয়ারবাজারে লেনদেনের সঙ্গে যুক্ত হয়—এ আহ্বানকে সামনে রেখে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে সিএসই।
সিএসইর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন। স্বাগত বক্তব্য দেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন।