সিএসইর এজিএম অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বর্তমান সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ পুনর্নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে আল মারুফ খান, এ কিউ আই চৌধুরী ও তারেক কামাল। তাঁরা আগামী এক বছরের জন্য সিএসইর পরিচালনা পর্ষদের নেতৃত্ব দেবেন।সিএসইর ১৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) গতকাল মঙ্গলবার এ কমিটি অনুমোদন করা হয়। এর আগে পরিচালনা পর্ষদের চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী, মো. মফিজউদ্দিন, বিজন চক্রবর্তী ও মো. মহিউদ্দিন স্টক এক্সচেঞ্জের সদস্যদের সরাসরি ভোটে পরিচালক নির্বাচিত হন। নির্বাচিত এই চারজন আগামী তিন বছর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।সিএসইর পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন, এ এস এম শহীদুল্লাহ, এ এস এম নাঈম, মীর্জা সালমান ইস্পাহানী ও এম কে এম মহিউদ্দিন।এ ছাড়া মনোনীত পরিচালকদের মধ্যে রয়েছেন অধ্যাপক আবু আহমেদ, আফতাব উল ইসলাম, আবুল কে এ মুবিন, মইনুল ইসলাম মাহমুদ, আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, আনিস এ খান, ফারুক সোবহান, কুতুবুদ্দীন আহমেদ, মামুন রশিদ, মো. সারওয়ার-ই-আলম, ইউসুফ আবদুল্লাহ হারুন ও জায়েদী সাত্তার।এজিএমে সিএসইর নেতারা বলেন, আগামী বছরের জুন মাসের মধ্যে বর্তমান লেনদেনব্যবস্থা পাল্টে নেক্সট জেনারেশন ট্রেডিং সিস্টেম চালু করা হবে।এজিএমে ২০০৯ সালের লেনদেনে এগিয়ে থাকা শ্রেষ্ঠ পাঁচ ব্রোকারেজ হাউসকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠান হলো, লংকাবাংলা সিকিউরিটিজ, সালটা ক্যাপিটাল, ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ, এবি ব্যাংক ফাউন্ডেশন ও সোহেল সিকিউরিটিজ।