সিএসইর পরিচালক হিসেবে ছয়জনকে মনোনয়ন
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালনা পর্ষদে ছয়জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। খ্যাতিমান ব্যক্তি, বিনিয়োগকারী, প্রতিনিধি ও লিস্টেড ইস্যুয়ার কোম্পানি ক্যাটাগরিতে অনির্বাচিত পরিচালক হিসেবে এই ছয়জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী তিন বছরের জন্য তাঁরা এই দায়িত্ব পালন করবেন।মনোনয়ন পাওয়া ব্যক্তিরা হলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ চৌধুরী, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশের (আইসিএবি) সভাপতি পারভীন মাহমুদ, সি এম শফি সামী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মো. সেলিম উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিএমসিসিআই) সাবেক সভাপতি আবদুস সালাম ও ‘দৈনিক পূর্বকোণ’-এর সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) রেগুলেশন, ২০০০ অনুযায়ী তাঁদের সিএসইর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (এসইসি) ৩৯৯তম সভায় এই মনোনয়নের বিষয়টি অনুমোদন করা হয়।সিএসইর সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ-সংক্রান্ত কাগজপত্র তিনি হাতে পেয়েছেন।সিএসই সূত্রে জানা যায়, সিএসইর পরিচালনা পর্ষদে মোট ২৪ জন সদস্য রয়েছেন। এর মধ্যে ১২ জন নির্বাচিত ও ১২ জন মনোনীত। এ ছাড়া সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তাও (সিইও) পদাধিকার বলে পরিচালনা পর্ষদের সদস্য।