সিএসইর বার্ষিক সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আল মারুফ খান। সিএসইর নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মির্জা সালমান ইস্পাহানি, এম কে এম মহিউদ্দিন ও তারেক কামাল। গত বৃহস্পতিবার সংস্থাটির নতুন পরিচালনা পর্ষদের সভায় এক বছরের জন্য নতুন এই নেতৃত্ব নির্বাচিত হয়। এর আগে একই দিনে চট্টগ্রামের আগ্রাবাদে সিএসইর প্রধান কার্যালয়ে সংস্থাটির চার পরিচালক পদে নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। ওই দিনই নতুন সভাপতি ও সহ-সভাপতিরা দায়িত্ব নিয়েছেন। আল মারুফ খান সদ্য বিদায়ী পর্ষদের সহ-সভাপতি ছিলেন। সেখান থেকে তিনি বিদায়ী সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদের স্থলাভিষিক্ত হলেন।সিএসইর নতুন সভাপতি আল মারুফ খান ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস এবং আইসিএবির সম্মানিত ফেলো সদস্য। তিনি কানাডার টরেন্টা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।পাশাপাশি তিনি ডিএসই ও সিএসইর করপোরেট সদস্য সিএমএসএল সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এবং বাংলাদেশ-শ্রীলঙ্কা যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এনডিবি ক্যাপিটাল লিমিটেডের ভাইস চেয়ারম্যান। গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত সংস্থাটির চার পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে সদস্যদের ভোটে মির্জা সালমান ইস্পাহানি, এস এম নাঈম, শাহজাদা মাহমুদ চৌধুরী ও আল মারুফ খান পরিচালক নির্বাচিত হন। সংস্থাটির ২৪ সদস্যের পরিচালনা পর্ষদের মধ্যে ১২ জন নির্বাচিত ও ১২ জন মনোনীত পরিচালক। সভাপতি ও সহ-সভাপতি ছাড়া সিএসইর বর্তমান পরিচালনা পর্ষদের নির্বাচিত অন্য সদস্যরা হলেন: ফখরউদ্দিন আলী আহমেদ, আবু সাইদ মোহাম্মদ শহীদুল্লাহ, এস এম নাঈম, বিজন চক্রবর্তী, নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ মফিজউদ্দিন ও শাহজাদা মাহমুদ চৌধুরী। এদিকে সিএসইর সদ্য বিদায়ী সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএম শেষে ২০১০ সালে লেনদেনের শীর্ষে থাকা ১০টি ব্রোকারেজ হাউসকে পুরস্কৃত করা হয়। এগুলো হলো: লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, কবীর সিকিউরিটিজ, মিনহার সিকিউরিটিজ, সালতা ক্যাপিটাল, ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ, সোহেল সিকিউরিটিজ, বি রিচ লিমিটেড, অ্যাসোসিয়েটেড ক্যাপিটাল, এস আর ক্যাপিটাল ও সিলনেট সিকিউরিটিজ।