সিএসইর স্বতন্ত্র পরিচালকের তালিকায় ব্যবসায়ী ও পেশাজীবীদের প্রাধান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথককরণ বা ডিমিউচুয়ালাইজেশন-পরবর্তী পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের জন্য অনুমোদন দেওয়া ব্যক্তিদের মধ্যে ব্যবসায়ী ও পেশাজীবীদের প্রাধান্য দেওয়া হয়েছে। সিএসই ও বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত সোমবার বিএসইসির কাছে ১৪ জন স্বতন্ত্র পরিচালকের তালিকা জমা দেয় সিএসই।

স্বতন্ত্র পরিচালকের জন্য সিএসইর মনোনীত ব্যক্তিদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, বিজিএমইএর সাবেক সভাপতি সফিউল ইসলাম, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সহসভাপতি কামরান টি রহমান, বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী, সহসভাপতি আবু তৈয়ব, চট্টগ্রামের বিশিষ্ট চিকিত্সক ও ব্যবসায়ী মনিরুল ইসলাম, সাবেক মুখ্য সচিব ও পল্ল­ী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ, অর্থনীতিবিদ মামুন রশীদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক আইয়ুব ইসলাম, চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণ-এর সম্পাদক তসলিম উদ্দিন সরদার, আইসিএবির সভাপতি শওকত হোসেন, সিএসইর সাবেক পরিচালক ও ব্যবসায়ী ফখরুদ্দিন।
সিএসই সূত্রে জান যায়, ডিমিউচুয়ালইজেশন আইন অনুযায়ী এই ১৪ জনের মধ্যে থেকে সাতজনকে চূড়ান্ত মনোনয়ন দেবে বিএসইসি।

ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদে মোট ১৩ জন পরিচালক থাকবেন। এর মধ্যে সাতজন হবেন স্বতন্ত্র পরিচালক। এ ছাড়া বাকি ছয়জনের মধ্যে চারজন ট্রেক হোল্ডারদের মধ্য থেকে, একজন কৌশলগত বিনিয়োগকারী এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদাধিকার বলে পরিচালক মনোনীত হবেন।