সিঙ্গাপুরে আজ হবে দ্বিতীয় বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা খুঁজে পেতে এবং এশিয়ার বিনিয়োগকারী ও আর্থিক খাত-সংশ্লিষ্টদের এ দেশে বিনিয়োগে উদ্বুদ্ধ করতে আজ বৃহস্পতিবার সিঙ্গাপুরে দিনব্যাপী এক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
‘দ্বিতীয় বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন, এশিয়া’ শিরোনামে এই আয়োজনটি করছে অর্থনৈতিক সাময়িকী ফিন্যান্স এশিয়া। সহায়তা করছে এশিয়ান ইনভেস্টর। এতে মূল পৃষ্ঠপোষক হিসেবে থাকছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও দ্য সিটি ব্যাংক লিমিটেড। সিঙ্গাপুরের ফোর সিজনস হোটেলে স্থানীয় সময় সকাল পৌনে নয়টায় সম্মেলনটি শুরু হবে।
দিনব্যাপী এই সম্মেলনে এশিয়ার ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও রেটিং এজেন্সি বা ঋণমান নির্ণয়কারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৩০০ প্রতিনিধি উপস্থিত থাকবেন। এতে বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গহওর রিজভীসহ কয়েকজন সরকারি কর্মকর্তা এবং কয়েকটি ব্যাংক, শেয়ারবাজার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তারা অংশ নেবেন। সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মাহবুব উজ জামান সম্মেলনে সমাপনী ভাষণ দেবেন।
আয়োজকদের সূত্রে জানা গেছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাংলাদেশের বিনিয়োগের সুযোগ, পণ্য রপ্তানিতে বৈচিত্র্য, শেয়ারবাজার, পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন, করপোরেট বাজার ইত্যাদি বিষয়ে আলোচনা হবে। ইতিমধ্যে দেশ-বিদেশের আলোচকেরা সিঙ্গাপুরে গিয়ে পৌঁছেছেন।