সিঙ্গাপুরে তৃতীয় বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন আজ

বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে বাংলাদেশকে তুলে ধরতে আজ মঙ্গলবার সিঙ্গাপুরে এক বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তৃতীয়বারের মতো অনুষ্ঠেয় এই সম্মেলন যোগসূত্র ঘটাবে দেশীয় ব্যবসায়ীদের সঙ্গে এশিয়ার বিনিয়োগকারী ও আর্থিক খাত-সংশ্লিষ্টদের। এতে আলোচনা হবে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে, সম্ভাবনাময় খাতগুলো নিয়ে।
‘তৃতীয় বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন, এশিয়া’ শিরোনামে এই সম্মেলনটির আয়োজন করেছে অর্থনৈতিক সাময়িকী ফিন্যান্স এশিয়া। এতে সহায়তা করেছে এশিয়ান ইনভেস্টর। আর মূল পৃষ্ঠপোষক হিসেবে থাকছে দ্য সিটি ব্যাংক লিমিটেড ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশ। সিঙ্গাপুরের সেন্ট রেজিস হোটেলে আজ স্থানীয় সময় সকাল পৌনে নয়টায় সম্মেলনটি শুরু হবে।
দিনব্যাপী এই সম্মেলনে এশিয়ার ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও রেটিং এজেন্সি বা ঋণমান নির্ণয়কারী সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তিন শতাধিক প্রতিনিধি উপস্থিত থাকবেন। বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীসহ কয়েকজন সরকারি কর্মকর্তা এবং কয়েকটি ব্যাংক, বহুজাতিক অর্থায়নকারী প্রতিষ্ঠান, পত্রকোষ (পোর্টফোলিও) ব্যবস্থাপক ও সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, শেয়ারবাজার এবং করপোরেট খাতের শীর্ষ কর্মকর্তারা যোগ দেবেন।
আয়োজকেরা জানান, সম্মেলনে অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাংলাদেশে বিনিয়োগের সুযোগ, পণ্য রপ্তানিতে বৈচিত্র্য, শেয়ারবাজার, পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি), করপোরেট বাজারসহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হবে। ইতিমধ্যে বিভিন্ন দেশের আলোচকেরা সিঙ্গাপুরে এসে পৌঁছেছেন।
এই সম্মেলন সামনে রেখে গত মাসের শুরুতে ঢাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। তাতে সিটি ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছিলেন, আগের দুই সম্মেলনের অভিজ্ঞতায় দেখা গেছে যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশিদের বেশি আগ্রহ বিদ্যুৎ ও জ্বালানি খাতে। কারণ এ খাতে বিপুল চাহিদা রয়েছে।