সিঙ্গাপুরে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে ইতিবাচক সাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরে সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ইতিবাচক সাড়াও পাওয়া গেছে।বাংলাদেশের রপ্তানির সম্ভাবনা, বাণিজ্য-বিনিয়োগ, পুঁজিবাজার, আর্থিক সেবা খাত ও অবকাঠামোগত উন্নয়নের উপায় অন্বেষণ, সরকারি-বেসরকারি অংশীদারি কাঠামো প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া এশিয়ায় সার্বভৌম আর্থিক তহবিল ও সরকারি-বেসরকারি পেনশন তহবিল গঠন নিয়েও আলোচনা হয়।ফিন্যান্স এশিয়া ও এশিয়ান ইনভেস্টরস্ দেশটির মেরিনা বে স্যান্ডস কনভেনশন সেন্টারে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে। এতে পৃষ্ঠপোষকতা করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) বংলাদেশ, দ্য সিটি ব্যাংক ও ডয়চে ব্যাংক।এসসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্মেলনে বাংলাদেশের প্রায় ২৫০টি কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা যোগ দেন। এর মধ্যে অর্থসচিব ফজলে কবির, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাসান জামান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিম ম্যাককেইব, সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহমুদ সাত্তার এবং এলআর গ্লোবালের রেজা ইসলাম বক্তব্য দেন।ফজলে কবির বলেন, ‘বাংলাদেশের ১৬ কোটি মানুষ ১০ বছর ধরে আর্থিক সমৃদ্ধির সুফল ভোগ করছে। বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বিগত পাঁচ বছরে এ দেশে বার্ষিক ৬ দশমিক ২ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। মাথাপিছু আয়ও বেড়ে গত দশকের দ্বিগুণ (৮০০ ডলার) হয়েছে, যা শিগগির এক হাজার ডলারে উন্নীত হবে। সে অনুযায়ী আশা করা হচ্ছে, ২০২০ সাল নাগাদ বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশ হিসেবে গণ্য হবে।’হাসান জামান জানান, বিদেশি বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক বিনিময় আইন কিছুটা শিথিল রেখেছে। এ ছাড়া বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো কমানোর বিষয়েও পর্যালোচনা করা হচ্ছে।