সিঙ্গাপুরে বাংলাদেশের বিনিয়োগ সম্মেলন হবে ৪ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সিঙ্গাপুরে বসছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন বা ইনভেস্টমেন্ট সামিট। আগামী ৪ ডিসেম্বর সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস কনভেনশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।এশিয়াভিত্তিক ফিন্যান্সিয়াল ম্যাগাজিন এশিয়ান ইনভেস্টরস ও ফিন্যান্স এশিয়া এই সম্মেলনের মূল আয়োজক। এ ছাড়া পুরো সম্মেলনের পৃষ্ঠপোষকতায় রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের সিটি ব্যাংক ও ডয়সে ব্যাংক। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের দুই শতাধিক ব্যবসায়ী ও বিনিয়োগকারী অংশ নেবেন।সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরতে রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে এসব তথ্য জানানো হয়। আরও বলা হয়, বিনিয়োগ সম্মেলনে বিশ্বের প্রথম সারির বিনিয়োগ প্রতিষ্ঠান জেপি মরগান, গোল্ডম্যান স্যাক্সসহ খ্যাতিসম্পন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা অংশ নেবেন। বাংলাদেশের বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠানের কর্ণধারেরা এই সম্মেলনে অংশ নেবেন। এ ছাড়া থাকবেন সরকারের উচ্চপর্যায়ের কর্তাব্যক্তিরাও।সাংবাদিকদের কাছে সম্মেলনে বিভিন্ন বিষয় তুলে ধরেন ফাইন্যান্স এশিয়া ও এশিয়ান ইনভেস্টরস-এর প্রকাশক জোনাথন হাস্ট, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিম ম্যাককেইব, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে মাহমুদ সাত্তার।জিম ম্যাককেইব বলেন, ‘বাংলাদেশ এরই মধ্যে এন-১১ (নেক্সট ইলেভেন) অর্থনীতির অন্যতম দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। বাংলাদেশেকে নিয়ে দেশের বাইরে এ রকম উদ্যোগ এটাই প্রথম। বাংলাদেশে বিনিয়োগের যে বিপুল সম্ভাবনা রয়েছে, তা বিশ্বের কাছে তুলে ধরতে হবে।’এ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে আশা প্রকাশ করেন জিম ম্যাককেইব।কে মাহমুদ সাত্তার বলেন, ‘বিশ্বে বিনিয়োগের সুযোগ কমে আসছে, তবে এশিয়ায় বিনিয়োগের সুযোগ বাড়ছে। বিদেশিদের বিনিয়োগে আকর্ষণ বৃদ্ধি করে তোলাই আমাদের উদ্দেশ্য।’সিঙ্গাপুরের এই সামিটে বাংলাদেশের শীর্ষস্থানীয় ৫০টির বেশি করপোরেট প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা উপস্থিত থেকে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরবেন। এ ছাড়া সম্মেলনে থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অর্থসচিব ফজলে কবির, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আবাসিক প্রতিনিধি তেরেসা খো, বিনিয়োগ বোর্ডের চেয়্যারম্যান এস এ সামাদ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়্যারম্যান এম খায়রুল হোসেন, টেলিনরের (গ্রামীণফোন) সিইও জন ফ্রেডরিক বাকসাস, অজিআটার (রবি) সিইও জামালউদ্দিন ইব্রাহিম, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাসান জামানসহ আরও অনেকে।আয়োজকেরা জানান, এরই মধ্যে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। বিনিয়োগের সুগম পথ, বাংলাদেশের কৌশলগত দক্ষতা, অভ্যন্তরীণ বিনিয়োগের সাফল্যের কথা এবং রপ্তানি বৃদ্ধি-সম্পর্কিত বিভিন্ন সেমিনার ও বিতর্ক অনুষ্ঠিত হবে। সম্মেলনের মিডিয়া পার্টনার ইংরেজি দৈনিক ডেইলি স্টার ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেস।