সিঙ্গাপুরে সবুজ পার্কে অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরের শহরতলিতে হং লিম পার্কের সবুজ যেন গগনচুম্বী অট্টালিকার ব্যস্ততার মধ্যে এক টুকরা মরূদ্যান। তবে পার্কের দুই প্রান্তে কাঠের প্রতীকে খচিত ‘স্পিকারস কর্নার’ শব্দগুচ্ছই বুঝিয়ে দেয় যে এই পার্কটি শুধু অফিসগামী লোকজনের মধ্যাহ্নভোজের বিরতি কাটানোর নীরব জায়গা নয়।
সিঙ্গাপুরবাসী গত শনিবার এখানেই সমবেত হয়েছিল এক বিরল রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়ার জন্য। এই বিতর্কের বিষয় ছিল, প্রধানমন্ত্রী লি সিয়েন লুঙ জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি কি না। লি সিয়েন হলেন সিঙ্গাপুরের স্থপতি লি কুয়ান ইউর ছেলে।
অথচ মাস খানেক আগেও এ ধরনের কাজের চিন্তা করা ছিল অকল্পনীয়। লন্ডনের হাইড পার্কের আদলে এই স্পিকারস কর্নার বা বক্তা প্রান্ত গঠন করা হয় ২০০০ সালে। আর তা করে তৎকালীন ক্ষমতাসীন দল পিপলস অ্যাকশন পার্টি (পিএপি)।
সিঙ্গাপুরের নাগরিক সমাজের চাপের মুখে এটি করা হয়েছিল। তাদের দাবি ছিল, এমন একটি স্থানের ব্যবস্থা করে দিতে হবে, যেখানে মানুষজন অবাধে সমবেত হতে ও কথা বলতে পারে। দ্বীপ দেশটির সংবিধানে বাক্স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হলেও গণসমাবেশের বিষয়ে যথেষ্ট বিধিনিষেধ রয়েছে।
তবে স্থাপন করার পরও দীর্ঘদিন এই বক্তা প্রান্ত অব্যবহৃত ছিল। সম্প্রতি ছোট্ট এই জায়গাটি বেশ জমজমাট হয়ে উঠছে। জমি-বাড়ি তথা সম্পত্তির মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও গণপরিবহন নিয়ে অসন্তোষের প্রকাশ ঘটছে হং লিম পার্কে। অভিবাসীদের সঙ্গে বিরোধ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের প্রকাশ এখন খোলা মঞ্চেও প্রকাশ পাচ্ছে।
সিঙ্গাপুরের এক ছোট্ট রাজনৈতিক দল ন্যাশনাল সলিডারিটি পার্টির সদস্য ওসমান সোলায়মান বলেন, তাঁরা ৩৫০ থেকে ৪০০ লোকের জড়ো হওয়া প্রত্যাশা করেছেন। একটি ই-কমার্স প্রতিষ্ঠানের মানবসম্পদ কর্মকর্তা ওসমানের মতে, এই জড়ো হওয়া কোনো প্রতিবাদ বা সমাবেশ নয়, বরং এটি হলো অনেক লোক মিলে আলোচনা করা। তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় বলা হয়েছে যে এই সমাবেশ থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে। বিষয়টি ঠিক নয়। বরং দুজন বক্তা প্রধানমন্ত্রীকে সমর্থন করেছেন।’
পিএপি অবশ্য এই বক্তা প্রান্তটি ব্যবহার করছে সামাজিক ও অর্থনৈতিক ইস্যুতে নিজেদের কৃতিত্ব জনগণের সামনে তুলে ধরার জন্য। সিঙ্গাপুরের স্বাধীনতার ৫০ বছরের প্রাক্কালে আগামী বছর যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, তাকে সামনে রেখেই পিএপির এই প্রয়াস। যদিও পিএপি আগামী নির্বাচনে জয়লাভের আশা করছে, তার পরও সরকারের মাথায় এটা আছে যে ২০১১ সালের নির্বাচনে ৬০ শতাংশের সামান্য বেশি ভোট পেয়েছিল।
তবে প্রধানমন্ত্রী লি যখন কিছুদিন আগে একজন ব্লগারের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তখনই রাজনৈতিক উত্তাপ বেড়ে যায়। প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের রাষ্ট্রীয় পেনশন তহবিলের অর্থ তছরুপ করেন বলে ওই ব্লগার অভিযোগ তোলেন।
লি এই অভিযোগ প্রত্যাখ্যান করে ক্ষতিপূরণ ও ক্ষমাপ্রার্থনা দাবি করেন। রয় নেগরং নামের ৩৩ বছর বয়সী ব্লগার একটি হাসপাতালে কাজ করতেন। সেখান থেকে তিনি কাজ হারান। কিন্তু তাঁর পক্ষে হাজার হাজার মানুষ নেমে পড়ে এবং ৮৮ হাজার ৩০০ ডলার সংগ্রহ হয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রধানমন্ত্রীর পদক্ষেপকে অযথা বলপ্রয়োগ বলে অভিহিত করেছেন।
তবে এ ঘটনা সিঙ্গাপুরের পেনশন তহবিলব্যবস্থাকে জনগণের আলোচনায় নিয়ে এসেছে। আর তাই সপ্তাহান্তে বক্তা প্রান্তে সমাবেশটি হবে এই পেনশন তহবিল নিয়ে।
সূত্র: ফাইনান্সিয়াল টাইমস