সিঙ্গার বিডির লভ্যাংশ ঘোষণা, কমেছে ইপিএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি গত অর্থবছরের জন্য ১০০ শতাংশ নগদ ও ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে। সিঙ্গার বাংলাদেশের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের মোটরসাইকেল ও বৈদ্যুতিক তার উত্পাদন ইউনিট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১০ মার্চ।

এদিকে ২০১২ অর্থবছরের তুলনায় ২০১৩ অর্থবছরে সিঙ্গার বাংলাদেশের ইপিএস কমেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের ইপিএস হয়েছে সাত টাকা ৭৯ পয়সা, যা আগের বছরের চেয়ে চার টাকা ৭০ পয়সা কম। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ১২ টাকা ৪৯ পয়সা।

এদিকে লভ্যাংশ ঘোষণার পর আজ লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে সিঙ্গার বাংলাদেশের শেয়ারের দাম প্রায় সাড়ে ৭ শতাংশ বা ১৭ টাকা বেড়ে লেনদেন হচ্ছে ২৪৫ টাকায়।