একনেকে ৩,৯৬২ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন
সিটি করপোরেশনের প্রকল্পে সরকারি অর্থায়ন নিয়ে প্রশ্ন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাস্তাঘাট মেরামতে আড়াই শ কোটি টাকার প্রকল্প পাস করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এতে সরকার ১৭৫ কোটি টাকা অনুদান হিসেবে দেবে। আর বাকি ৭৫ কোটি টাকা আসবে সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে।
গতকাল মঙ্গলবার একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। তবে সরকারের পক্ষ থেকে অনুদান হিসেবে এ বিপুল অর্থ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে খোদ অর্থ মন্ত্রণালয়।
সভার একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, প্রকল্পটি অনুমোদনের জন্য উত্থাপন করা হলে অর্থসচিব মাহবুব আহমেদ এতে অর্থায়ন নিয়ে প্রশ্ন তোলেন।
অর্থসচিব বলেন, সিটি করপোরেশনগুলো নিজের অর্থেই চলবে। নতুন সিটি করপোরেশনগুলোকে সম্পদ আহরণে সময় দিতে হবে। কিন্তু ঢাকার দুটি সিটি করপোরেশন নিজেদের অর্থেই চলতে পারে। তাহলে সরকারকে কেন অনুদান দিতে হবে?
মাহবুব আহমেদ আরও বলেন, একটি অনুশাসন বা বিধান রয়েছে, সিটি করপোরেশনকে প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার ঋণ হিসেবে অর্থ দেবে, অনুদান হিসেবে নয়। তাহলে এ প্রকল্পে কেন অনুদান দেওয়া হচ্ছে? এ ছাড়া সিটি করপোরেশনের ব্যয়ের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এদিকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, কর আদায় করে স্বয়ংসম্পন্ন হয়ে প্রকল্প বাস্তবায়ন করতে অনেক সময় লাগবে। তাই সিটি করপোরেশনকে কিছু টাকা দেওয়া যেতে পারে।
তবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মত দেন, সিটি করপোরেশনগুলোকে নিজেদের অর্থেই চলতে দিতে হবে। রাজধানীতে অনেক বিলাসবহুল বাড়ি আছে, কিন্তু হোল্ডিং কর অত্যন্ত নগণ্য। তাই এ কর হার বাড়িয়ে সিটি করপোরেশনকে স্বাবলম্বী করতে হবে। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি করপোরেশন মিলে একটি পরিকল্পনা করা উচিত।
এ সময় স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানান, তিনি ইতিমধ্যে এ বিষয়ে সিটি করপোরেশনগুলোর সঙ্গে আলাপ-আলোচনা শুরু করেছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন পাঁচটি অঞ্চলের প্রধানত ক্ষতিগ্রস্ত সড়ক, নর্দমা ও ফুটপাত উন্নয়নে প্রকল্পটি নেওয়া হয়। এর আওতায় ১৬৯ কিলোমিটার সড়ক মেরামত, ১৮৭ কিলোমিটার নর্দমা নির্মাণ ও ২৫ কিলোমিটার ফুটপাতের উন্নয়ন করা হবে। এ প্রকল্পের মেয়াদকাল ২০১৫ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন মাস পর্যন্ত।
জানা গেছে, দক্ষিণ সিটি করপোরেশনের ৫৩টি ওয়ার্ডের প্রায় ২০০টি রাস্তা, ফুটপাত ও নর্দমা ক্ষতিগ্রস্ত। প্রতিবছর অপরিকল্পিতভাবে নগর সম্প্রসারণ, বিভিন্ন পরিষেবা লাইন পরিবর্তন, রাস্তা খোঁড়াখুঁড়ি ও বর্ষাকালে বৃষ্টির কারণে এসব রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে।
এ প্রকল্পটিসহ গতকালের একনেক সভায় ৩ হাজার ৯৬২ কোটি টাকার ৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৩ হাজার ৮১৫ কোটি টাকা দেওয়া হবে। বাস্তবায়নকারী সংস্থা দেবে ১৪৭ কোটি টাকা।
পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের প্রকল্পগুলো সম্পর্কে অবহিত করেন।
একনেকে অনুমোদন হওয়া অন্য প্রকল্পগুলো হলো ২ হাজার ২৪ কোটি টাকার কালুখালী-ভাটিয়াপাড়া সেকশন পুনর্বাসন ও কাশিয়ানী-গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া নতুন রেলপথ নির্মাণ (প্রথম সংশোধিত); ৩৬ কোটি ৬৩ লাখ টাকার বিসিএসআইআরের প্রযুক্তি হস্তান্তর ও উদ্ভাবন-সংক্রান্ত ভৌত সুবিধাদি সৃষ্টি; নদী খননের জন্য ১ হাজার ২৫৩ কোটি ৫৪ লাখ টাকার ড্রেজার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি ক্রয় (প্রথম সংশোধিত); ৩৫৩ কোটি ৪৫ লাখ টাকার ধান-গম-ভুট্টার উন্নততর বীজ উৎপাদন ও উন্নয়ন (দ্বিতীয় পর্যায়) এবং ৪৪ কোটি ৬০ লাখ টাকার এক্সপানশন অব বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন একাডেমি বিল্ডিং অ্যান্ড এক্সটেনশন অব ট্রেনিং ফ্যাসিলিটিজ।