সিটি ক্ষুদ্র উদ্যোগ পুরস্কার ২০১৬-এর প্রক্রিয়া শুরু

দেশের সেরা ক্ষুদ্র উদ্যোক্তাদের পুরস্কৃত করতে ‘সিটি ক্ষুদ্র উদ্যোগ পুরস্কার ২০১৬’-এর কার্যক্রম শুরু হয়েছে। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার কার্যালয়ে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ পুরস্কার কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়। বহুজাতিক সিটি ব্যাংক এনএর বিশেষায়িত সংস্থা সিটি ফাউন্ডেশন ও বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশন যৌথভাবে এ পুরস্কার দেবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচনসহ সামগ্রিক উন্নয়নে অবদান রাখার জন্য ১১ বছর ধরে সিটি ফাউন্ডেশন ক্ষুদ্র উদ্যোক্তা ও ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থাগুলোকে এ পুরস্কার দিয়ে আসছে। এ বছরের আয়োজনে মোট ছয়টি বিভাগে পুরস্কার দেওয়া হবে।
এর মধ্যে দুটি পুরস্কার প্রাতিষ্ঠানিক পর্যায়ে ও চারটি পুরস্কার দেওয়া হবে ব্যক্তিপর্যায়ে। প্রাতিষ্ঠানিক পর্যায়ের দুটি পুরস্কার হলো সেরা সৃজনশীল ক্ষুদ্রঋণ সংস্থা ও সেরা ক্ষুদ্রঋণ সংস্থা। আর ব্যক্তিপর্যায়ের চারটি শ্রেণি হলো সেরা কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা, সেরা মহিলা ক্ষুদ্র উদ্যোক্তা, সেরা ক্ষুদ্র উদ্যোক্তা ও সেরা তরুণ ক্ষুদ্র উদ্যোক্তা। সেরা তরুণ উদ্যোক্তার পুরস্কারটি এবারই প্রথম অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যক্তিপর্যায়ে সেরা কৃষিক্ষুদ্র উদ্যোক্তা, সেরা মহিলা ক্ষুদ্র উদ্যোক্তা ও সেরা তরুণ ক্ষুদ্র উদ্যোক্তা সাড়ে তিন লাখ টাকা, আর শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা সাড়ে চার লাখ টাকা পাবেন।
সংবাদ সম্মেলনে পুরস্কার দেওয়ার জন্য গঠিত পরামর্শক পর্ষদের চেয়ারম্যান ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, সিটি ব্যাংক এনএর ব্যবস্থাপনা পরিচালক ও কান্ট্রি অফিসার রাশেদ মাকসুদ, সাজেদা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহেদা ফিজ্জা কবীর, সিডিএফের নির্বাহী পরিচালক আবদুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, যে যে পর্যায়ের উদ্যোক্তাই হোন না কেন, নিজের মেধা, শ্রম দিয়ে তাঁরা আরও বড় হতে পারছেন কি না, আমরা সেই প্রক্রিয়াটিকে পুরস্কার দিতে চাই।’