সিটি জেনারেল ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি জেনারেল ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের রাইট শেয়ার ছেড়ে মূলধন বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করে। সভা শেষে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিদ্যমান শেয়ারহোল্ডারদের একটি শেয়ারের বিপরীতে একটি (১:১) রাইট শেয়ার প্রস্তাব করে। এ ক্ষেত্রে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য পাঁচ টাকা প্রিমিয়ামসহ দাম চাওয়া হয় ১৫ টাকা। এ হিসাবে কোম্পানিটি বিনিয়োগকারীদের কাছ থেকে ২৭ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করবে। প্রতিষ্ঠানটির বর্তমান পরিশোধিত মূলধন ১৮ কোটি ১৫ লাখ টাকা। রাইট শেয়ার ছাড়ার পর যা ৩৬ কোটি ৩০ লাখ টাকা হবে। আর শেয়ার সংখ্যা দ্বিগুণ হয়ে দাঁড়াবে তিন কোটি ৬৩ লাখে। মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানিও একটি শেয়ারের বিপরীতে একটি (১:১) রাইট শেয়ার দেবে। এ কোম্পানিটির ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে দাম চাওয়া হয়েছে ১৫০ টাকা। এ ক্ষেত্রে ৫০ টাকা প্রিমিয়াম চাওয়া হয়েছে। এ হিসাবে প্রতিষ্ঠানটি ২৪ কোটি ৭৫ লাখ টাকা সংগ্রহ করবে। প্রতিষ্ঠানটির বর্তমান পরিশোধিত মূলধন ১৬ কোটি ৫০ লাখ টাকা। রাইট শেয়ার ছাড়ার পর যা বেড়ে ৩৩ কোটি টাকা হবে। শেয়ারসংখ্যা বেড়ে হবে ৩৩ লাখ।