সিটি নির্বাচনে চাঙা মুদ্রণশিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রার্থীদের সম্ভাব্য মুদ্রণ ব্যয়
প্রার্থীদের সম্ভাব্য মুদ্রণ ব্যয়

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীরা জোরেশোরেই প্রচারণায় নেমেছেন। এখন তাঁরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।
তবে ভোটারদের দ্বার আগেই ছেয়ে গেছে নির্বাচনী পোস্টারে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকার অনেক স্থানেই মাথার ওপরে তাকালে শুধু পোস্টারই দেখা যায়। ব্যস্ত সড়কগুলোতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে প্রার্থীর পরিচিতিমূলক লিফলেট।
এই নির্বাচনী পোস্টার-লিফলেট যাঁরা ছাপেন সেই মুদ্রণ প্রেস মালিকদের সংগঠন বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতি বলছে, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা এ পর্যন্ত যত পোস্টার, লিফলেট ও ব্যাজ ছাপিয়েছেন এবং সামনের দিনগুলোয় ছাপাবেন টাকার অঙ্কে তা দাঁড়াবে ২০ কোটি টাকায়। এটা আরও বাড়তে পারে।
এই নির্বাচনী পোস্টার-লিফলেটের ওপর ভর করে মুদ্রণশিল্প চাঙা হয়ে উঠেছে। শিল্পসংশ্লিষ্টরা বলছেন, এ নির্বাচন মুদ্রণশিল্পের জন্য আশীর্বাদ।
মুদ্রণশিল্প সমিতির সভাপতি শহীদ সেরনিয়াবাত প্রথম আলোকে বলেন, ‘সরকারি বই ছাপানোর কাজ জানুয়ারির মধ্যে শেষ হয়ে যায়। আনুষঙ্গিক আরও কিছু কাজ হয় মার্চ পর্যন্ত। এর পরের সময়টা আমাদের অফ-সিজন (অমৌসুম)। সে কারণে এই সময়ে নির্বাচনটা আমাদের জন্য বাড়তি পাওনা।’
নির্বাচনী পোস্টার, লিফলেট ছাপানোর হিসাবটা শহীদ সেরনিয়াবাতের কাছ থেকেই পাওয়া। তিনি সমিতির সদস্য প্রেসগুলো কেমন ছেপেছে এবং কি পরিমাণ কার্যাদেশ পাচ্ছে তার ভিত্তিতে এ হিসাবটি করেছেন।
মুদ্রণশিল্প সমিতির হিসাব অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র প্রার্থী ১৬ জন। এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থীরা প্রায় ২৫ লাখ করে ৫০ লাখ পোস্টার ছাপাবেন। বাকি সব প্রার্থী ছাপাবেন প্রায় ৫০ লাখ পোস্টার। সব মিলিয়ে পোস্টার ছাপা হবে দুই কোটি টাকার। শুধু প্রধান দুই দল-সমর্থিত প্রার্থীরা প্রায় এক কোটি করে লিফলেট ছাপাবেন। সব প্রার্থী মিলিয়ে লিফলেট ও ব্যাজ ছাপাবেন প্রায় তিন কোটি টাকার।
ডিএনসিসিতে সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৭৭ জন। তাঁরা গড়ে ৫০ হাজার করে পোস্টার-লিফলেট ছাপালে এর সংখ্যা দাঁড়াবে দেড় কোটিতে। এটি ছাপাতে প্রার্থীদের খরচ পড়বে তিন কোটি টাকা। শুধু পোস্টারেই খরচ দুই কোটি টাকা।
আবার ঢাকা উত্তরে সংরক্ষিত নারী আসনে কাউন্সিলর প্রার্থী আছেন ৮৮ জন। তাঁরা সব মিলে প্রায় ৫০ লাখ পোস্টার-লিফলেট ছাপাবেন। এতে খরচ পড়বে এক কোটি টাকা।
ব্যাজ ছাপা হয় নির্বাচনের দুই-তিন দিন আগে।
মুদ্রণশিল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পোস্টার যে কাগজে ছাপা হয় তার চেয়ে উন্নতমানের কাগজে ছাপা হয় লিফলেট। আবার ব্যাজ ছাপা হয় লিফলেটের চেয়েও উন্নত কাগজে। সে কারণে লিফলেট আর ব্যাজ ছাপলে তাঁদের লাভ বেশি হয়। এক রিম কাগজে আট হাজার পোস্টার-লিফলেট ছাপা যায়। আর পোস্টার ছাপা যায় এক হাজার।
প্রাপ্ত হিসাব অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদপ্রার্থী ২০ জন। আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থীরা ২৫ লাখ করে ৫০ লাখ পোস্টার ছাপাবেন। বাকি সব প্রার্থী মিলে ছাপাবেন ৫০ লাখ পোস্টার। সব মিলিয়ে পোস্টার ছাপা হবে প্রায় দুই কোটি টাকার।
ডিএসসিসিতে সাধারণ কাউন্সিলর প্রার্থী আছেন ৩৮৬ জন। তাঁরা সব মিলিয়ে প্রায় দুই কোটি পোস্টার-লিফলেট ছাপাবেন। এতে খরচ পড়বে চার কোটি টাকা। সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে প্রার্থী ৯৫ জন। তাঁরা সব মিলিয়ে ৬০ লাখ পোস্টার ছাপাবেন। এতে ব্যয় হবে ১ কোটি ২০ লাখ টাকা। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা আনুমানিক চার কোটি টাকার লিফলেট ও ব্যাজ ছাপাবেন।
সারা দেশে এখন প্রেস আছে সাত হাজার। এর মধ্যে সাড়ে পাঁচ হাজারই ঢাকায়। দেশের প্রেসগুলোতে এখন প্রতি ঘণ্টায় ৮ হাজার থেকে ৩০ হাজার পোস্টার ছাপা হচ্ছে।
শহীদ সেরনিয়াবাত বলেন, ‘এই নির্বাচনে আরও এক-দেড় কোটি টাকার পোস্টার-লিফলেট ছাপানোর সুযোগও আসতে পারে। কারণ, এক দিনের বৃষ্টিতেই কিন্তু কয়েক লাখ পোস্টার নষ্ট হয়ে যাবে। এবারের নির্বাচনটা আসলেই আমাদের জন্য আশীর্বাদ।’