সিটি ব্যাংকে আইএফসির বিনিয়োগ

সিটি ব্যাংকে বিনিয়োগ করবে ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)। এ ব্যাপারে সিটি ব্যাংক ও আইএফসির মধ্যে গতকাল বুধবার একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ ও শেয়ারধারীদের অনুমোদন সাপেক্ষে আইএফসির নামে ৪ কোটি ৬৫ লাখ ৬০ হাজার নতুন শেয়ার ইস্যু করবে সিটি ব্যাংক। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকার সঙ্গে ১৮ টাকা ৩০ পয়সা প্রিমিয়াম বা অধিমূল্য যোগ করে দাম ধরা হয়েছে ২৮ টাকা ৩০ পয়সা।
এ চুক্তির ফলে সিটি ব্যাংকের ৫ শতাংশ শেয়ারের মালিকানা পাবে আইএফসি। আর আইএফসির কাছ থেকে সিটি ব্যাংক মোট ১৩১ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার টাকার বিনিয়োগ পাবে। এ ছাড়া সিটি ব্যাংককে ৩ বছর মেয়াদে ২ কোটি ডলার ইকুইটিতে রূপান্তরযোগ্য ঋণ দেবে আইএফসি।
ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল আর কে হুসেইন এবং বাংলাদেশে আইএফসির কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জোওয়ার্নার এ চুক্তিতে সই করেন। এ সময়ে সিটি ব্যাংকের পরিচালক দীন মোহাম্মদ ও আজিজ আল কায়সার এবং আইএফসির ঊর্ধ্বতন কর্মকর্তা এম রেহান রশিদ, এহসানুল আজিম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।