
বিশ্বের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান সিটিগ্রুপকে ৭০০ কোটি ডলারেরও বেশি পরিমাণ অর্থ জরিমানা দিতে হচ্ছে, যা বাংলাদেশের ৫৬ হাজার কোটি টাকার সমান।
যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত সাব-প্রাইম মর্টগেজ ক্রাইসিস বা বন্ধকি ঋণের সংকটের সময়ে গ্রাহকদের কাছে ঝুঁকিপূর্ণ বন্ধকি সম্পদ বিক্রির দায়ে ব্যাংকটিকে এই জরিমানা দিতে হবে। এর মধ্যে দেশটির বিচার বিভাগ নগদে ৪০০ কোটি ডলার পাবে। বাকি ৩০০ কোটি ডলার তাঁরা পাবেন যাঁরা সিটিগ্রুপের কাছ থেকে ঝুঁকিপূর্ণ সম্পদ কিনে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। চলতি সপ্তাহে এই ঘোষণা আসতে পারে।
যুক্তরাষ্ট্রে ২০০৮ সালের শেষ দিকে বন্ধকি ঋণের সংকট শুরু হয়। এর জের ধরে অচিরেই বৈশ্বিক অর্থনীতিতে মন্দা দেখা দেয় এবং কয়েক বছর ধরে চলে। বন্ধকি ঋণকে কেন্দ্র করে যে সংকট সৃষ্টি হয়, সে জন্য বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ওঠে।
এ নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তদন্ত চালিয়ে আসছে। সে জন্য সিটিগ্রুপ ৭০০ কোটি ডলার পরিশোধ করে অভিযোগ নিষ্পত্তি করতে চাইছে।
এ ব্যাপারে মার্কিন বিচার বিভাগের সঙ্গে সমঝোতার চেষ্টা করে। একপর্যায়ে আলোচনার প্রক্রিয়া ভেঙে যায়। সম্প্রতি আবার আলোচনা শুরু হয়। সে অনুযায়ীই আগামী সপ্তাহের গোড়ার দিকে মার্কিন বিচার বিভাগ ও সিটিগ্রুপ অভিযোগ নিষ্পত্তির ঘোষণা দিতে পারে বলে দায়িত্বশীল ব্যক্তিরা জানান।
তবে বিশ্লেষকেরা মনে করেন, সিটিগ্রুপ যে পরিমাণ অর্থ জরিমানা দিতে রাজি হয়েছে, তা ধারণার চেয়ে বেশি। তাঁরা ভেবেছিলেন সিটিগ্রুপকে ১৫০ কোটি ডলারের মতো জরিমানা দিতে হতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্র সরকার চেয়েছিল এক হাজার কোটি ডলার। শেষ পর্যন্ত ৭০০ কোটি ডলারে ফয়সালা হচ্ছে।
সিটিগ্রুপ অবশ্য ব্যাংক অব আমেরিকা, জেপি মরগ্যান চেজের মতো প্রতিষ্ঠানগুলোর চেয়ে কম পরিমাণ বন্ধকি সম্পদ বিক্রি করেছিল।
ইতিপূর্বে জেপি মরগ্যান চেজ এক হাজার ৩০০ কোটি ডলার জরিমানা দেয়। এটি হলো দেওয়ানি অভিযোগ নিষ্পত্তিতে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর দেওয়া সর্বোচ্চ জরিমানার রেকর্ড।
এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়, সিটিগ্রুপ ৪০০ কোটি ডলার জরিমানা দিতে যাচ্ছে।
অভিযোগ নিষ্পত্তির জন্য এর আগে সিটিগ্রুপ ৩০০ কোটি ডলার আলাদা করে রেখেছিল।
সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস ও রয়টার্স