সিটিসেল আনল আলট্রা স্মার্ট
সিটিসেল গ্রাহকদের জন্য ‘আলট্রা স্মার্ট’ শীর্ষক একটি নতুন পণ্য নিয়ে এসেছে। এর ফলে সিটিসেলের গ্রাহকেরা এখন থেকে তাঁদের মুঠোফোনেই ব্রডব্যান্ড ব্যবহার করতে পারবেন। নতুন ‘আলট্রা স্মার্ট’ পণ্যে রয়েছে দুই ধরনের পোস্টপেইড সুবিধা। এর একটিতে রয়েছে মাসিক ২৯৯ টাকা ফি দিয়ে ১৫০ মিনিট টকটাইম, ১০০টি ক্ষুদেবার্তা প্রেরণ এবং সেকেন্ডে ১৫০ কিলোবাইট ডাউনলোড গতিতে ৫০০ মেগাবাইট ডাটা ব্যবহারের সুবিধা। এতে অতিরিক্ত ভয়েস মিনিটের ফি হলো মিনিটে ৬৫ পয়সা। অতিরিক্ত ক্ষুদেবার্তার ফি ৫০ পয়সা এবং অতিরিক্ত ডাটা ব্যবহারে মেগাবাইটপ্রতি ভ্যাটসহ খরচ পড়বে চার পয়সা।অন্যটিতে মাসে ৪৯৯ টাকা দিয়ে গ্রাহক পাবেন ২০০ মিনিট টকটাইম, ১০০ ক্ষুদেবার্তা প্রেরণ এবং সেকেন্ডে ৩০০ কিলোবাইট ডাউনলোড গতিতে ৫০০ মেগাবাইট ডাটা ব্যবহারের সুবিধা। এ ক্ষেত্রে অতিরিক্ত ডাটা ব্যবহারে মেগাবাইটপ্রতি ভ্যাটসহ খরচ হবে পাঁচ পয়সা।রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে এই দুটি আলট্রা স্মার্ট পণ্যের উদ্বোধন করেন সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী। অনুষ্ঠানে সিটিসেলের বিপণন বিভাগের প্রধান কাফিল এইচ এস মুঈদ ও পরিচালন বিভাগের প্রধান ডেভিড লিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ সময় আলট্রা স্মার্ট ব্যবহার উপযোগী দুটি হ্যান্ডসেটও অনুষ্ঠানে উপস্থাপন করা হয়। এ হ্যান্ডসেটগুলো হচ্ছে ছয় হাজার ৯০০ টাকা দামের হুয়াই সি৫৭০০ এবং ১৫ হাজার ৯৯০ টাকা দামের হুয়াই সি৮১০০। হুয়াই সি৮১০০-এ রয়েছে টাচ স্ক্রিন-সংবলিত উইন্ডোজ মোবাইল ফোন, যাতে ইন্টারনেট এক্সপ্লোরার সুবিধায় গ্রাহক ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।