সিটিসেল আরও ১০০ কোটি টাকা দিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্যক্রম টিকিয়ে রাখতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) আরও ১০০ কোটি টাকা বকেয়া পরিশোধ করেছে দেশের প্রথম মুঠোফোন অপারেটর প্যাসিফিক বাংলাদেশ টেলিকম বা সিটিসেল। আদালতের নির্দেশনা অনুযায়ী গতকাল বৃহস্পতিবার দুপুরে বিটিআরসির কার্যালয়ে এই অর্থ জমা দেয় অপারেটরটি। এর ফলে আবার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থেকে আপাতত মুক্তি পেল সিটিসেল।
এর আগে গত ১৯ অক্টোবর ১৪ কোটি টাকা মূল্য সংযোজন করসহ বিটিআরসির ১৩০ কোটি টাকা বকেয়া পরিশোধ করে সিটিসেল। অপারেটরটির হিসাবে ২৩০ কোটি টাকা পরিশোধের মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থার সব দায়দেনা তারা পরিশোধ করল।
এদিকে বিটিআরসির দাবি অনুযায়ী, সিটিসেলের কাছে তাদের বকেয়ার পরিমাণ ৪৭৭ কোটি টাকা। নির্ধারিত সময়ে বিটিআরসির দাবি করা বকেয়া পরিশোধ করতে না পারায় ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বাতিল করে এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তরঙ্গ বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ২৪ অক্টোবর আপিল বিভাগে আবেদন করে সিটিসেল। এরপর আপিল বিভাগের নির্দেশে ৬ নভেম্বর সিটিসেলের কার্যক্রম আবার চালু হয়। আপিল বিভাগের নির্দেশনায় আরও বলা হয়, ১৯ নভেম্বরের মধ্যে ১০০ কোটি টাকা পরিশোধ করতে না পারলে সিটিসেলের কার্যক্রম আবারও বন্ধ করে দিতে পারবে বিটিআরসি। ১৯ নভেম্বর ছুটির দিন হওয়ায় দুই দিন আগেই তাই আদালত নির্দেশিত বকেয়া পরিশোধ করল সিটিসেল।
বকেয়া নিয়ে বিটিআরসি ও সিটিসেলের দ্বন্দ্ব দূর করতে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি করার নির্দেশ দেন আপিল বিভাগ। সেই কমিটি এখনো কাজ শুরু করেনি বলে জানা গেছে।
জানতে চাইলে সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহবুব চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী বিটিআরসির সব বকেয়া পরিশোধ করা হয়েছে। এখন বাকি থাকা অন্য কাজগুলো শিগগিরই শেষ করার প্রক্রিয়া চলছে।
সিটিসেলে বর্তমানে ৫৫ শতাংশ শেয়ারের মালিক দেশীয় শিল্পগোষ্ঠী প্যাসিফিক মোটরস ও ফার ইস্ট টেলিকম। এর মধ্যে প্যাসিফিক মোটরসের শেয়ারের পরিমাণ ৩৭ দশমিক ৯৫ শতাংশ আর ফার ইস্ট টেলিকমের ১৭ দশমিক ৫১ শতাংশ। বাকি ৪৪ দশমিক ৫৪ শতাংশ শেয়ারের মালিক সিঙ্গাপুরভিত্তিক টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান সিংটেল। প্যাসিফিক মোটরস ও ফারইস্ট টেলিকমের মালিক বিএনপির নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান।