সিটিসেল নিয়ে স্থগিতাদেশ চাইল বিটিআরসি

দেশের প্রথম মুঠোফোন অপারেটর প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের (সিটিসেল) কার্যক্রমে বাধা না দিতে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ২৮ আগস্ট রোববার এ বিষয়ে শুনানি হবে।
চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার গতকাল বুধবার বিটিআরসির করা আবেদনটি ২৮ আগস্ট নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। গতকালের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও খন্দকার রেজা-ই-রাকিব এবং সিটিসেলের পক্ষে শুনানি করেন রোকনউদ্দিন মাহমুদ।
বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বিটিআরসি আবেদনটি করেছে। ২৮ আগস্ট চেম্বার বিচারপতি এ বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন।
উল্লেখ্য, গত সোমবার আগামী ১৬ সেপ্টেম্বরের আগে সিটিসেলের কার্যক্রমে বাধা না দিতে বিটিআরসিকে আদেশ দেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ। কার্যক্রম বন্ধের বিরুদ্ধে সিটিসেলের করা সাময়িক নিষেধাজ্ঞা (ইনজাংশন) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।
এ বিষয়ে আদালতের পর্যবেক্ষণে বলা হয়, যেহেতু ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সিটিসেলকে কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে, সেহেতু এই সময়ের আগে প্রতিষ্ঠানটির কার্যক্রমে ব্যাঘাত ঘটানো যাবে না।
৪৭৭ কোটি টাকার বকেয়া পরিশোধ করতে না পারায় সিটিসেলের লাইসেন্স কেন বাতিল করা হবে না, সে বিষয়ে ১৭ আগস্ট প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় বিটিআরসি। এ বিষয়ে জবাব দিতে সিটিসেলকে ৩০ দিনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। তবে সিটিসেলের গ্রাহকদের বিকল্প সেবা নেওয়ার জন্য গত ৩১ জুলাই একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বিটিআরসি। সেই বিজ্ঞপ্তিতে ১৬ আগস্টের মধ্যে গ্রাহকদের বিকল্প ব্যবস্থা নিতে সময় বেঁধে দেওয়া হয়। ওই সময়সীমা পরে ২৩ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।