দেশের প্রথম মুঠোফোন অপারেটর প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের (সিটিসেল) কাছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা ৪৭৭ কোটি টাকা দুই কিস্তিতে পরিশোধ করতে বলেছেন আপিল বিভাগ। এর মধ্যে আগামী এক মাসের মধ্যে দুই-তৃতীয়াংশ ও পরের কিস্তিতে বাকি এক-তৃতীয়াংশ টাকা পরিশোধ করতে হবে। অর্থাৎ কার্যক্রম টিকিয়ে রাখতে হলে আগামী এক মাসের মধ্যে ৩১৮ কোটি টাকা পরিশোধ করতে হবে সিটিসেলকে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। বিটিআরসির নোটিশের জবাব দেওয়া পর্যন্ত সিটিসেলের কার্যক্রম পরিচালনায় বাধা না দিতে হাইকোর্ট যে আদেশ দেন, এর বিরুদ্ধে বিটিআরসির করা আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন আপিল বিভাগ। গত ২৪ আগস্ট হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আবেদনটি করে বিটিআরসি।
৪৭৭ কোটি টাকার বকেয়া পরিশোধ করতে না পারায় সিটিসেলের লাইসেন্স কেন বাতিল করা হবে না, সে বিষয়ে ১৭ আগস্ট প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় বিটিআরসি। এ বিষয়ে জবাব দিতে সিটিসেলকে ৩০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তবে সিটিসেলের গ্রাহকদের বিকল্প সেবা নেওয়ার জন্য গত ৩১ জুলাই একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বিটিআরসি। সেই বিজ্ঞপ্তিতে গ্রাহকদের ২৩ আগস্টের মধ্যে বিকল্প সেবা নেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়।
আদালতে বিটিআরসির পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও খন্দকার রেজা-ই-রাকিব। সিটিসেলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশ সংশোধন করে কয়েকটি নির্দেশনা দিয়ে আপিল বিভাগ বিটিআরসির আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন। দ্বিতীয় কিস্তি পরের এক মাসের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে।
খন্দকার রেজা-ই-রাকিব জানান, ১৭ আগস্ট থেকে এখন পর্যন্ত সিটিসেলের কাছে ৪৭৭ কোটি টাকা ছাড়াও প্রতিদিন ১৮ লাখ টাকা করে পাওনা বিটিআরসির। আদালত এ টাকাও অবিলম্বে পরিশোধ করতে বলেছেন। অর্থাৎ টাকা পরিশোধ করলে সিটিসেল কার্যক্রম চালিয়ে যেতে পারবে। অন্যথায় বিটিআরসি যেকোনো আইনি পদক্ষেপে নিতে পারবে।
১৯৮৯ সালে দেশের প্রথম মুঠোফোন অপারেটর হিসেবে টেলিযোগাযোগ সেবা দেওয়ার লাইসেন্স পায় সিটিসেল। লাইসেন্স পাওয়ার চার বছর পর ১৯৯৩ সালে যাত্রা শুরু করা সিটিসেলে বর্তমানে ৫৫ ভাগ শেয়ারের মালিক দেশীয় শিল্পগোষ্ঠী প্যাসিফিক মোটরস ও ফার ইস্ট টেলিকম। এর মধ্যে প্যাসিফিক মোটরসের শেয়ারের পরিমাণ ৩৭ দশমিক ৯৫ শতাংশ আর ফার ইস্ট টেলিকমের ১৭ দশমিক ৫১ শতাংশ। বাকি ৪৪ দশমিক ৫৪ শতাংশ শেয়ারের মালিক সিঙ্গাপুরভিত্তিক টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান সিংটেল।
সিটিসেলের মোট ৪৭৭ কোটি টাকা বকেয়ার মধ্যে টুজি লাইসেন্সের তরঙ্গ বরাদ্দ ও নবায়ন ফি বাবদ পাওনার পরিমাণ ২২৯ কোটি টাকা। এ ছাড়া রাজস্ব ভাগাভাগি বাবদ ২৭ কোটি ৪৪ লাখ টাকা, বার্ষিক তরঙ্গ ফি বাবদ ২৭ কোটি ১৪ লাখ টাকা, সামাজিক সুরক্ষা তহবিলের ৮ কোটি ৯২ লাখ লাখ, বার্ষিক লাইসেন্স ফি বাবদ ১০ কোটি টাকা, মূল্য সংযোজন কর (মূসক) বাবদ ৩৯ কোটি ৯২ লাখ টাকা ও বিলম্ব ফি বাবদ ১৩৫ কোটি ৭ লাখ টাকা বকেয়া রয়েছে। বিটিআরসির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সিটিসেলের গ্রাহকসংখ্যা ৭ লাখ ২ হাজার। সে হিসেবে সিটিসেলের বাজার দখলের পরিমাণ ১ শতাংশের কম।