
দেশের সবচেয়ে পুরোনো মুঠোফোন অপারেটর প্যাসিফিক বাংলাদেশ টেলিকম বা সিটিসেলের লাইসেন্স চূড়ান্তভাবে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। লাইসেন্স বাতিল হলে দেশে সব ধরনের মুঠোফোন সেবা দেওয়ার অধিকার হারাবে অপারেটরটি। লাইসেন্স থাকলেও বর্তমানে গ্রাহকশূন্য অবস্থায় আছে সিটিসেল।
নিয়ন্ত্রক সংস্থার সর্বশেষ কমিশন বৈঠকে সিটিসেলের লাইসেন্স বাতিলের এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তটি চূড়ান্ত অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠিয়েছে বিটিআরসি। বকেয়া পরিশোধ করতে না পারায় গত বছরের ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বাতিল করে এর কার্যক্রম বন্ধ করে দেয় বিটিআরসি।
নিয়ন্ত্রক সংস্থার হিসাব অনুযায়ী, সিটিসেলের কাছে তাদের বকেয়ার পরিমাণ ৩৭২ কোটি ৭২ লাখ টাকা। তবে বিটিআরসির বকেয়ার হিসাবকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করে সিটিসেল। এরপর আপিল বিভাগের নির্দেশে গত বছরের ৬ নভেম্বর সিটিসেলের কার্যক্রম আবার চালু হয়।
জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ প্রথম আলোকে বলেন, বারবার সময় দেওয়ার পরেও সিটিসেল তাদের বকেয়া পরিশোধ করেনি। টেলিযোগাযোগ খাতের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বকেয়া নিয়ে বিটিআরসি ও সিটিসেলের দ্বন্দ্ব দূর করতে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি করার নির্দেশ দেন আপিল বিভাগ। একই সঙ্গে আদালত সিটিসেলকে বিটিআরসির অন্যান্য বকেয়া পরিশোধ করার নির্দেশ দেন। আদালতে জমা দেওয়া তথ্য অনুযায়ী, সিটিসেল গত নভেম্বরে করসহ বিটিআরসিকে ২৪৪ কোটি টাকা পরিশোধ করে। আদালতের নির্দেশে গঠিত কমিটি সবকিছু বিশ্লেষণ করে সিটিসেলের বকেয়া ৩৭২ কোটি টাকাই নির্ধারণ করেছে।
বিটিআরসির হিসাবে গত অক্টোবরের পর থেকে সিটিসেল আর কোনো বকেয়া পরিশোধ করেনি। বকেয়া পরিশোধ না করায় অপারেটরটির লাইসেন্স কেন বাতিল করা হবে না জানতে চেয়ে চিঠি দেয় বিটিআরসি। এর জবাবে সিটিসেল জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থার প্রাপ্য বকেয়ার চেয়ে ১২৯ কোটি টাকা অপারেটরটি বেশি পরিশোধ করেছে। সিটিসেলের হিসাবে গত বছরের অক্টোবর পর্যন্ত বিটিআরসির কাছে তাদের বকেয়া ছিল ৩৪৬ কোটি ৯৯ লাখ টাকা, কিন্তু এ সময়ে তারা নিয়ন্ত্রক সংস্থাকে মোট ৪৭৬ কোটি টাকা দিয়েছে।
বিটিআরসি ছাড়াও ২৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে সিটিসেলের বকেয়ার পরিমাণ ৩ হাজার কোটি টাকার বেশি। বকেয়া আদায় করতে না পেরে গত মাসে ন্যাশনাল ব্যাংক সিটিসেলের প্রধান কার্যালয় নিলামে তোলার উদ্যোগ নেয়। পরে সিটিসেল কর্তৃপক্ষ ন্যাশনাল ব্যাংকের সঙ্গে সমঝোতা করে প্রধান কার্যালয় নিলামে তোলার বিষয়টি স্থগিত করায়।
বিটিআরসি ও ব্যাংকের বকেয়ার পাশাপাশি সিটিসেলের উচ্চ ও মধ্যম পর্যায়ের ৫০ জনের বেশি কর্মী নয় মাস ধরে বেতন পাচ্ছেন না। বেতন ছাড়াও গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ডের অর্থও বাকি এসব কর্মীর। বকেয়া বেতন আদায়ে তাঁরা সম্প্রতি সিটিসেল কর্তৃপক্ষকে আইনি নোটিশও পাঠান। তবে এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি সিটিসেল কর্তৃপক্ষ।
এসব বিষয়ে জানতে চাইলে সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী কোনো মন্তব্য করতে রাজি হননি।
দেশের প্রথম মুঠোফোন অপারেটর হিসেবে ১৯৯৩ সালে কার্যক্রম শুরু করে সিটিসেল। অপারেটরটির বর্তমানে ৫৫ ভাগ শেয়ারের মালিক প্যাসিফিক মোটরস ও ফার ইস্ট টেলিকম। এর মধ্যে প্যাসিফিক মোটরসের শেয়ারের পরিমাণ ৩৭ দশমিক ৯৫ শতাংশ আর ফার ইস্ট টেলিকমের ১৭ দশমিক ৫১ শতাংশ। বাকি ৪৪ দশমিক ৫৪ শতাংশ শেয়ারের মালিক সিঙ্গাপুরভিত্তিক টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান সিংটেল। প্যাসিফিক মোটরস ও ফার ইস্ট টেলিকমের মালিক বিএনপি জোট সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান।