সিটিসেলের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধ হয়ে যাওয়া দেশের প্রথম মুঠোফোন অপারেটর প্যাসিফিক বাংলাদেশ টেলিকম বা সিটিসেলের লাইসেন্স স্থায়ীভাবে বাতিলের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে একটি প্রস্তাব পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
বিটিআরসি সূত্রে জানা গেছে, টেলিযোগাযোগ আইন অনুযায়ী সিটিসেলের লাইসেন্স বাতিলের প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ৪৭৭ কোটি টাকার বকেয়া পরিশোধ করতে না পারায় গত বৃহস্পতিবার সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বাতিল ও কার্যক্রম বন্ধ করে দেয় বিটিআরসি। ওই দিন সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, সিটিসেলের তরঙ্গ বরাদ্দ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।
বিটিআরসির একজন কর্মকর্তা বলেন, চূড়ান্ত কারণ দর্শানো নোটিশসহ সিটিসেলের লাইসেন্স বাতিলের সব প্রক্রিয়া শেষ করা হয়েছে।
২০১৪ সালের নভেম্বরে লাইসেন্স বাতিলের বিষয়ে সিটিসেলকে প্রথম কারণ দর্শানোর নোটিশ পাঠায় বিটিআরসি। আর চূড়ান্ত কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় এ বছরের আগস্টে। জবাবে সিটিসেল জানিয়েছে, বরাদ্দ পাওয়া তরঙ্গের ৪৯ শতাংশ বকেয়া তারা পরিশোধ করেছে। আর লাইসেন্সের শর্ত অনুযায়ী পুরো ১০ মেগাহার্টজ তরঙ্গ কখনোই পায়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।