সিডিবিএল ফি কমল সাড়ে ৭ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে লেনদেনের ওপর সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) আরোপিত ফি ৩০ শতাংশ বা সাড়ে ৭ টাকা কমানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের সিডিবিএল কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এইচ সামাদ ফি কমানোর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। জানা গেছে, কোনো গ্রাহক এক লাখ টাকার শেয়ার লেনদেন করলে তার জন্য সিডিবিএলকে ২৫ টাকা ফি দিতে হতো। একইভাবে কোনো কোম্পানির বোনাস ও রাইট ইস্যুর পর তা লেনদেনের ওপরও একই হারে ফি নেওয়া হতো, যা করপোরেট অ্যাকশন ফি নামে পরিচিত। কিন্তু দীর্ঘদিন ধরে এই ফি কমানোর দাবি জানিয়ে আসছিল বিভিন্ন পক্ষ। এরই পরিপ্রেক্ষিতে সিডিবিএলের পরিচালকেরা ফি কমানোর সিদ্ধান্ত নেন।এখন থেকে প্রতি এক লাখ টাকার শেয়ার লেনদেনের জন্য ২৫ টাকার পরিবর্তে সাড়ে ১৭ টাকা ফি দিতে হবে। করপোরেট অ্যাকশনের ক্ষেত্রেও একই ফি আদায় করা হবে। সিডিবিএলের পরিচালক ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ বলেন, ‘ফি কমানোর ফলে বিনিয়োগকারীদের লেনদেনের খরচও কিছুটা কমবে। যা বাজারের জন্য ইতিবাচক হবে।’ পরিচালনা পর্ষদের গতকালের সভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক এম এইচ সামাদ। পরিচালকদের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী, সিএসই সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি সালমান এফ রহমান, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামান, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, ব্যবসায়ী আজম জে চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।ইলেকট্রনিক পদ্ধতিতে শেয়ার ধারণ ও লেনদেন নিষ্পত্তিকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে সিডিবিএল।